দেশের প্রথম ফিল্ম ফিল্ম ইউনিভার্স
দেশের এই মুহুর্তের সবচেয়ে সফল নির্মাতা ধরা হয় রায়হান রাফীকে। প্রতিটা সিনেমাতেই যিনি দর্শকদের আনন্দ ও মুগ্ধ করেছেন। রাফির এই সফলতার যাত্রা শুরু হয় তাঁর ২০১৮ সালের সিনেমা পোড়ামন ২ দিয়ে। এরপর ঢালীউডে নিজের জাত চেনান ব্লকবাস্টার সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়ে। সামনে এটির দ্বিতীয় কিস্তিও আসতে যাচ্ছে। ১২ জুন সিনেমাটির দেড় মিনিটের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। এর মধ্য দিয়ে এবার ফিল্ম ইউনিভার্স নির্মাণ করবেন রায়হান রাফী, এমনটাও জানালেন।
আনুষ্ঠানিক এই ঘোষণা থেকে জানা যায়,ডিসেম্বর মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে। তাঁর চেয়েও চমকের সংবাদ এই সিনেমার মাধ্যমেই ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’ এর যাত্রা শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা। এটি ঢালিউডে এক নতুন যুগের সূচনা করবে। কেননা এর আগে কোনো নির্মাতা এমন ‘ইউনিভার্স’ তৈরি করেননি।

ইউনিভার্সের যাত্রা
ইউনিভার্সের এই বিষয়টি নিয়ে সম্প্রতি দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন রাফী। তিনি জানালেন, ‘সুড়ঙ্গ ২’ শুধু দর্শকদের আবদার রাখার জন্য নয়, বরং এটি তার একটি দীর্ঘ পরিকল্পনার অংশ।
এই নির্মাতা বলেন, “পরিকল্পনা আগে থেকেই ছিল। তবে ‘সুড়ঙ্গ’ এত সফল একটি জার্নি ছিল এবং এটি নিয়ে মানুষের প্রত্যাশা এত বেশি যে, আমি কিছুটা সময় নিতে চাচ্ছিলাম। মূলত ‘তাণ্ডব’-এর সময় আমি প্ল্যান করি, একটি ফিল্ম ইউনিভার্স ক্রিয়েট করব। অবশ্যই বাংলাদেশে এটি করা বেশ ডিফিকাল্ট; কারণ আমাদের এখানে আর্টিস্ট সংকট আছে, অভিনেতা-অভিনেত্রী কম। আর একটি ইউনিভার্স ক্রিয়েট করতে অনেক অভিনেতা-অভিনেত্রী লাগে।”

মূলত বাংলা সিনেমাকে নতুন উচ্চতা নিতে চান তিনি। তাঁর ভাষ্যে, “বাংলা ছবিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমি এই পরিকল্পনা করছি। সেই পরিকল্পনা থেকেই মূলত ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’কে মিক্সড করা এবং এর ফলশ্রুতিতে আমরা ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আসছি। এখানে মাসুদ এখন কোথায়, কী করছে এবং কীভাবে সে ওই রকম জায়গায় গেল, দর্শক এবার সেই গল্পই দেখতে পাবে।“
ভবিষ্যৎ পরিকল্পনা
ফিল্ম ইউনিভার্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে এই নির্মাতা বলেন,“স্বপ্ন তো আসলে অনেক বড়। আমার ইউনিভার্স নিয়ে অবশ্যই অনেক দূর যেতে চাই। দেখা যাক কী হয়! আপাতত ‘সুড়ঙ্গ ২’ আসুক, তারপর হয়তো এর পরের পার্ট আসবে। তো আপাতত ‘সুড়ঙ্গ ২’ নিয়ে এক্সাইটেড; তবে সামনে আরও একটা সিনেমার দ্বিতীয় কিস্তি (টু) আসার সম্ভাবনা আছে, সেটা দর্শকদের খুব তাড়াতাড়ি বলব।”
এবার কোন সিনেমা না আসলেও গত চার ঈদে চারটি সিনেমা মুক্তি দিয়েছেন রায়হান রাফী। এ নিয়ে নির্মাতা জানালেন, “এবার কোরবানি ঈদে দর্শক আমাকে মিস করেছে, সেজন্যই বছরের শেষে ধামাকা দিতে চাই। যেহেতু নতুন সিনেমা নিয়ে আসছি, সেটার জন্য কোরবানির ঈদে আমাকে গ্যাপ দিতেই হয়েছে। ব্যাক টু ব্যাক চারটা কোরবানিতে আমার চারটা ছবি ব্লকবাস্টার হয়েছিল। আমি এবার হলে গিয়েছিলাম সিনেমা দেখতে, অথচ দর্শক বলছিল, ‘আপনাকে মিস করছি’। আশা করি বছরান্তে তাদের এই কষ্ট মুছে যাবে।”
আসন্ন ‘সুড়ঙ্গ ২’ সিনেমায় নিশোর সাথে কারা কারা থাকছেন তা বলতে চাননি নির্মাতা। এদিকে, নাজিফা তুশিকে নিয়ে আরো একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রায়হান রাফীর। সিনেমাটির নাম আন্ধার। সেটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানান নি এই নির্মাতা।