নুসরাত জাহান
টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ মাসের ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে হচ্ছে প্রথম দফার নির্বাচন। তার আগেই ইডির তরফে ২২ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে।
দেশটির তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় নুসরাতের নাম এসেছে। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংকটের সময়ে নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেসময় বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল সীমান্ত এলাকায় উঠেছিল। এই নিয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখতেই আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে টালিউড অভিনেত্রীকে। তবে কলকাতা না দিল্লি-কোন দপ্তরে হাজিরা দেবেন নুসরাত তা এখনো নিশ্চিত নয়।

তবে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরেই হাজিরা দিতে হবে নুসরাতকে এমনটাই শোনা যাচ্ছে। ২২ এপ্রিল ইডির পক্ষ থেকে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রীই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আরজি জানিয়েছেন বলে জানা গেছে।
কিছুদিন ধরেই যশ দাশগুপ্ত ও নুসরাত বিদেশে ছুটি কাটাচ্ছেন। এমন সময়ে ইডির তলব পেলেন নুসরাত জাহান। তবে নুসরাতের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। এর আগে ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই আবারো এখন গম নিয়ে অভিযোগ উঠলো। তবে এই অভিযোগের বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রী নুসরাত জাহানের।

সংসদ সদস্য নুসরাত জাহান
তৃণমূল কংগ্রেসের মনোনয়ন নিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নুসরাত জাহান। নায়িকা থেকে রাজনীতিবিদ হয়ে খুব একটা কাজ করেননি বলে তাঁর বিরুদ্ধে জনতারও অভিযোগ রয়েছে।

তবে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন পাননি নুসরাত। এমনকি সেসময় দলের প্রচারের তালিকায়ও ছিলেন না নুসরাত। ফলে দলের উপর খানিকটা অভিমান ছিলো তার। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে তাঁর দলের পাশে আছেন এই অভিনেত্রী। এবারের বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারে অংশ নেবেন, সেই তালিকায় তাঁর নাম রয়েছে।
বরবাদে নুসরাত
এর আগে গত বছর নুসরাত জাহান বাংলাদেশী চলচ্চিত্র ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’- সিনেমার ‘চাঁদ মামা’ গানে উপস্থিত ছিলেন ক্যামিও চরিত্র হিসেবে। গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই গানের মাধ্যমে এক দশক পর তিনি আইটেম গানে ফিরে আসেন।


