ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে ‘দুধের মতো ফরসা শরীর’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তাঁর এই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা করেছিলেন অনেকে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তামান্না। তবে এসব মন্তব্যে মনোযোগ দিতে চান না তিনি। নিজের অভিনয় ও নতুন কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান অভিনেত্রী।

সম্প্রতি এনডিটিভি প্রফিটের ‘ইগনাইট’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে কথা বলেন তামান্না। একই অনুষ্ঠানে অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, সে প্রশ্নেরও উত্তর দেন তিনি।
তামান্নার মতে, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মন দিয়ে শোনা। তবে কোন বিষয় গ্রহণ করতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার বোধও থাকা জরুরি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’
নিজের কাজের প্রতি মনোযোগের কথা জানিয়ে তামান্না আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন, এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’

কী বলেছিলেন আন্নু কাপুর?
গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ভিডিও ক্লিপ নিয়ে কথা ওঠে। গানটি কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা জানাতে গিয়ে আন্নু বলেন, ‘কী দুধের মতো ফরসা শরীর!’
এরপর তামান্নার গান ও শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল, গান ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন তামান্না। এমনকি তাঁর গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ বলেও উল্লেখ করেন আন্নু।

তবে মন্তব্যের ধরন নিয়ে আপত্তি জানান অনেকে। একজন অভিনেত্রীর কাজের বদলে তাঁর গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে এভাবে কথা বলাকে অশোভন বলে মনে করেন অনেকে। মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও সমালোচনা হয়।
নতুন সিনেমায় তামান্না
তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘ভান: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। সামনে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।






