বাংলাদেশি সিনেমার জন্য এলো আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। ইতালির ২২তম লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। বিশ্বের বিভিন্ন দেশের ১১টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে এই পুরস্কার পেয়েছে ছবিটি।
পুরস্কার জয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি জানান, ছবিটির সর্বজনীন গল্প ও পুরো দলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি এই অর্জন।
‘মাস্টার’এর গল্প আবর্তিত হয়েছে জহির নামের এক আদর্শবান শিক্ষককে ঘিরে।মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকে তিনি রাজনীতিতে আসেন। কিন্তু ক্ষমতার সঙ্গে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন, চিন্তা ও আদর্শ। ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক চাপ ও দুর্নীতির জালে আটকে পড়েন তিনি।

ছবিতে জহির চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। আরও আছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ ও তাসনোভা তামান্না। এর আগে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম ২০২৬ এ ‘মাস্টার’ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জেতে। এরপর সিডনি, মেলবোর্ন ও লন্ডনসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ছবিটির প্রদর্শনী হয়েছে।
লুক্কা উৎসবের জুরি ছবিটির গল্পে গণতন্ত্রের সংকট এবং একজন আদর্শবান মানুষের ক্ষমতার চাপে বদলে যাওয়ার বিষয়টি বিশেষভাবে প্রশংসা করেছে। জুরি বোর্ডে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ারচিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা ও পরিচালক মিকেলে রিওনদিনো।
‘মাস্টার’ এখনো বাংলাদেশে সাধারণ প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ফলে এর বক্স অফিস সাফল্যের হিসাব নেই। তবে আন্তর্জাতিক উৎসবে একের পর এক পুরস্কার ও প্রদর্শনীর মাধ্যমে ছবিটি বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দর্শকের সামনে নতুনভাবে তুলে ধরছে।









