চলচ্চিত্রের শুটিংয়ে পোশাক ও দৃশ্যের ধরন নিয়ে অভিনেত্রীদের ওপর অস্বস্তিকর চাপ তৈরির অভিযোগ নতুন নয়। এবার নিজের এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি অ্যাকশন সিনেমায় অভিনয়ের সময় তাঁকে অন্তর্বাস পরে দৃশ্য ধারণ করতে বলা হয়েছিল। এমনকি অন্তর্বাস ছাড়াই শার্ট পরা এবং বোতাম খোলা রাখার নির্দেশও পেয়েছিলেন তিনি। এ ধরনের নির্দেশনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারে এক ভিডিও সাক্ষাৎকারে এসব কথা বলেন রাধিকা। চলচ্চিত্রশিল্পে নারীদের কাজের পরিবেশ এবং শুটিংয়ের সময় তাঁদের স্বস্তি ও সম্মতির বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।

রাধিকা জানান, একটি অ্যাকশন সিনেমার দৃশ্যের জন্য তাঁকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হয়েছিল। পাশাপাশি অন্তর্বাস ছাড়া শার্ট পরা এবং শার্টের বোতাম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে নির্মাতাদের কাছে প্রশ্নও তুলেছিলেন তিনি।
অভিজ্ঞতার কথা তুলে ধরে রাধিকা বলেন, ‘তারা আমাকে বলেছিল, তুমি কি অন্তর্বাস ছাড়া শার্ট পরতে পারবে এবং বোতাম খোলা রাখতে পারবে? আমি তাদের বলেছিলাম, পদার্থবিদ্যার বিষয়টা একটু ভেবে দেখুন। আমি যখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করছি…।’

ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাকরি হারানোর অভিযোগ
সাক্ষাৎকারে শুটিং সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের ভূমিকা নিয়েও কথা বলেন রাধিকা। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের স্বস্তি, নিরাপত্তা ও সম্মতি নিশ্চিত করাই তাঁদের কাজ। কিন্তু অনুচিত নির্দেশনা বা দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব পেশাজীবীকে চাকরি হারাতে দেখেছেন বলে জানান অভিনেত্রী।
রাধিকার বক্তব্যে উঠে এসেছে, শুধু অভিনেত্রীদের নয়, তাঁদের পক্ষে কাজ করা পেশাজীবীদেরও কখনো কখনো পেশাগত ঝুঁকির মুখে পড়তে হয়।

কী নিয়ে ‘আক্কা’
রাধিকার নতুন সিরিজ ‘আক্কা’ নির্মিত হয়েছে ১৯৮০-এর দশকের দক্ষিণ ভারতের কাল্পনিক শহর পেরুনুরকে কেন্দ্র করে। সেখানে ক্ষমতার নিয়ন্ত্রণ নারীদের হাতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি নারী গ্যাংস্টার গোষ্ঠী নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
তবে সেই রাজত্বে এক বহিরাগতের আগমন ক্ষমতার সমীকরণ বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে। আনুগত্য, প্রতিশোধ, পারিবারিক উত্তরাধিকার ও রক্তক্ষয়ী সংঘাত নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প।
সিরিজে ভবানী চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অন্যদিকে রুদ্রর ভূমিকায় দেখা যাবে রাধিকা আপ্তেকে। নেটফ্লিক্সে ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে সিরিজটি।






