হলিউডের জনপ্রিয় ‘এক্স-মেন’ সিরিজে প্রফেসর চার্লস জেভিয়ার এবং ‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে ছয় দশকের বেশি সময় ধরে অভিনয় করা এই তারকা আর নেই। ৮৬ বছর বয়সে মারা গেছেন তিনি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার।
বিবৃতিতে জানানো হয়, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন অভিনেতা। মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী সানি ওজেল, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। সাধারণ শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা এই অভিনেতার শৈশবেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে যুক্ত হন ব্রিটেনের খ্যাতনামা রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে। ১৯৬৬ সালে এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর পথচলা শুরু হয়।
প্যাট্রিক স্টুয়ার্টের অভিনয়জীবনের বড় একটি অংশ কেটেছে থিয়েটারের মঞ্চে। শেক্সপিয়রের নাটকে ক্লডিয়াস থেকে ম্যাকবেথ, নানা চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে একক অভিনয়ের পরিবেশনাও ছিল তাঁর উল্লেখযোগ্য কাজের একটি।
তবে বিশ্বজুড়ে দর্শকের কাছে তাঁর পরিচিতি সবচেয়ে বেশি দুটি চরিত্রের সুবাদে। এর একটি ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এর ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড। ১৯৮৭ সালে শুরু হওয়া এই টেলিভিশন সিরিজে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর। ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি তাঁকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।
পরে ‘স্টার ট্রেক’-এর একাধিক চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রচারিত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজে আবারও ক্যাপ্টেন পিকার্ড হয়ে পর্দায় ফেরেন এই অভিনেতা।
অন্যদিকে, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন স্টুয়ার্ট। অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন মিউট্যান্টদের নিয়ে নির্মিত এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল প্রফেসর এক্স। পরবর্তী সময়েও ‘এক্স-মেন’ সিরিজের একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে স্বীকৃতিও পেয়েছেন অসংখ্য। তিনটি অলিভিয়ে পুরস্কার অর্জন করেন প্যাট্রিক স্টুয়ার্ট। এর মধ্যে ডেভিড টেন্যান্টের সঙ্গে ‘হ্যামলেট’ নাটকে ক্লডিয়াস চরিত্রে অভিনয়ের জন্য পাওয়া পুরস্কারটি উল্লেখযোগ্য। এ ছাড়া ১৯৯৬ সালে ‘পিটার অ্যান্ড দ্য উলফ’ অডিও রেকর্ডিংয়ের জন্য সেরা কথ্য অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার পান তিনি।
তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও হলিউডের তারকারা। ‘স্টার ট্রেক’-এর সহশিল্পী উইলিয়াম শ্যাটনার স্মরণ করেছেন স্টুয়ার্টের প্রজ্ঞা, সৌজন্যবোধ ও মানবিকতার কথা। ‘এক্স-মেন’ সিরিজে তাঁর সহশিল্পী হিউ জ্যাকম্যান মঞ্চ ও পর্দার অন্যতম সেরা অভিনয়শিল্পী হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তাঁকে। শোক প্রকাশ করেছে মার্ভেল স্টুডিওসও।






