সৈয়দ আব্দুল হাদী
আধুনিক বাংলা গানের অন্যতম অগ্রপথিক ও রূপালী পর্দার গানে বৈপ্লবিক পরিবর্তন যে কজন শিল্পী এনে দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী তাদেরই একজন। আজ এই কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন । ১৯৪০ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে তাঁর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সতীর্থ ও সহকর্মীরা।
সৈয়দ আব্দুল হাদীর বাবা ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস অফিসার। তবে তিনি সংগীত অনুরাগীঅ ছিলেন। সেই সূত্রে বাবার গ্রামোফোনে গান শুনে শুনেই শৈশবে সংগীতের প্রতি আগ্রহী হন হাদী। এভাবেই তিনি গাইতে গাইতে গান শিখেছেন।
আব্দুল হাদী প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনেই চলচ্চিত্রে গাওয়া শুরু করেন হাদী। ১৯৬৪ সালে সিনেমায় পূর্ণাঙ্গ প্লেব্যাক করেন ‘ডাকবাবু’তে। তারপর অল্প সময়ের ব্যবধানে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অদ্বিতীয় কণ্ঠস্বর। গেয়েছেন অনেক অ্যালবামেও।
গান
হাদীর গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে রয়েছে ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কারো আপন হইতে পারলি না অন্তর’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’, ‘আমি তোমারই প্রেম ভিখারী’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘তেল গেলে ফুরাইয়া’ ইত্যাদি।

এই কিংবদন্তী শিল্পী গানের জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া ২০০০ সালে তিনি ভূষিত হন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
বিশেষ আয়োজন
এই কিংবদন্তী শিল্পীর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে তার গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। এতে গানগুলো নতুন করে গেয়েছেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক।
এছাড়া দুপুর ১২টা ০৫ মিনিটে শুরু হয়েছে সানজিদা রহমানের উপস্থাপনায় বিশেষ তারকা কথন। এতে উপস্থিত থাকবেন স্বয়ং সৈয়দ আব্দুল হাদী। তার সঙ্গে আরও থাকবেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম এবং আবিদা সুলতানা। তাদের আড্ডা-আলাপে উঠে আসবে শিল্পীর জীবনের নানা অজানা গল্প।
একইদিন বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। শাইখ সিরাজ নির্মিত এ প্রামাণ্য চিত্রে দিলখোলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী তাঁর শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশার কথা তুলে ধরবেন।


