নাজনীন নীহার বাগদান
দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই অভিনেত্রী তাঁর সামাজিক মাধ্যমে তাঁর প্রেমের সংবাদ জানিয়েছেন। এছাড়া ইন্সটাগ্রামে একজন ছেলের সাথে একটি ছবি দিয়েছেন তিনি। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে শুরু হয় যে ওই তরুণ নীহার হবু স্বামী। আলোচনা উঠে যে, ওই তরুণ নাকি পাকিস্তানের।

পাকিস্তানি তরুণের সাথে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অভিনেত্রী। সোমবার রাতে নিজের বক্তব্যে নীহা বলেন, ‘আমি কাকে বিয়ে করছি, সেটা তো কাউকে খুঁজে বের করতে বলিনি। সময় হলে আমি নিজেই এনগেজের মতো বিয়ের খবরও জানিয়ে দেব। সবার উচিত আমাদের অভিনন্দন জানানো ও অ্যাপ্রিশিয়েট করা। আর বুঝলাম না, এখানে কাকে বিয়ে করতে যাচ্ছি, তার দেশ কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল-এই দেশগুলোর নাম কোথা থেকে আসল? আমি সময় হলে নিজেই সব জানাব। ধন্যবাদ।’
‘এনগেজড’ নীহা
এ বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন নীহা। তখন থেকেই তাঁর বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সোমবার তিনি আবারও ফেসবুকে ‘এনগেজড’ লিখে স্ট্যাটাস দেন। এরপরই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে, তাঁর হবু স্বামী পাকিস্তানের নাগরিক। কোথাও কোথাও দাবি করা হয়, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয় এবং পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশের গণমাধ্যমের সাথে আলাপে নীহা সরাসরি কিছু বলতে চাননি। তখন তিনি শুধু বলেছিলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেজড।’
একইসাথে নীহা আরও বলেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’
নাজনীন নীহা তাঁর এনগেজমেন্টের বিষয়টি নিশ্চিত করলেও তাঁর হবু স্বামীর পরিচয় এখনই প্রকাশ করতে চান না। তাঁর ভাষ্য, সময় হলেই তিনি নিজেই সব জানাবেন। তত দিন পর্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা জল্পনা না ছড়ানোর আহ্বানই জানিয়েছেন এই অভিনেত্রী।
তবে নেটিজেনরা এখনো মেতে আছে এই আলোচনায়। পাকিস্তানী ছেলের সাথে বাগদানের গুঞ্জন শুনে তাঁর অনেক ভক্তই হতাশা প্রকাশ করেছেন।


