শাহরুখ খান মানেই এখন ‘কিং’ নিয়ে অপেক্ষা। সেই অপেক্ষার মাঝেই এল ছবিটির নতুন পোস্টার। আগুনের ভেতর দিয়ে হেঁটে আসছেন তিনি, ঠোঁটে লাল গোলাপ, হাতে বন্দুক। একই ফ্রেমে অ্যাকশন আর রোমান্স। পোস্টারটি দেখে ভক্তদের উত্তেজনা বাড়াটা স্বাভাবিক।
পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শাহরুখ নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ সহজ অর্থে দাঁড়ায়, আবার মনে পড়ল, খুনি নই, প্রেমিক। লাইনটি শুনলেই অনেকের মনে পড়ে যাবে ১৯৯৯ সালের ‘বাদশাহ’ ছবির কথা, সেটির শিরোনাম গানেই ছিল এমন ভঙ্গি।
তবে পোস্টার থেকে গল্পের আন্দাজ পাওয়া যাচ্ছে না। শাহরুখের চরিত্রটি ঠিক কেমন, কাহিনি কোন পথে এগোবে, সেসব এখনো গোপনই রেখেছেন নির্মাতারা। পোস্টার শুধু এটুকুই ইঙ্গিত দিচ্ছে, চরিত্রটির একদিকে রোমান্টিক মেজাজ, অন্যদিকে বিপজ্জনক এক রূপ।
শাহরুখের নতুন লুকে ‘কিং’ নিয়ে তুমুল কৌতূহল
‘কিং’ নিয়ে কৌতূহলের শুরুটা হয়েছিল গত বছর। ২০২৫ সালের ২ নভেম্বর, শাহরুখের ৬০তম জন্মদিনে প্রকাশ পায় ছবিটির নাম আর প্রথম ঝলক। সেখানে রুপালি চুলের একেবারে অন্য এক লুকে হাজির হয়েছিলেন তিনি। তাঁর সংলাপ ছিল, ‘ডর নেহি, দেহশত হুঁ’, যার অর্থ ভয় নই, আতঙ্ক আমি। চলতি বছরের জানুয়ারিতে নির্মাতারা ছবির মুক্তির তারিখও জানিয়ে দেন।
সম্প্রতি ‘আস্ক এসআরকে’ পর্বে এক ভক্ত ট্রেলার দেরি হওয়ার কারণ জানতে চান। শাহরুখের জবাব, ইচ্ছা করে কাউকে অপেক্ষায় রাখা হচ্ছে না। ছবির জন্য ঠিকঠাক প্রচারণার উপকরণ তৈরির কাজ চলছে। রসিকতার সুরে তিনি বলেন, ভালো ছবি বানানোর চেষ্টা চলছে, যাতে দর্শক খুশি হন। আর আশ্বাস দিয়েছেন, ২৪ ডিসেম্বরের আগেই প্রচারণার সবকিছু একে একে সামনে আসবে।
এই ছবির আরেকটি বড় আকর্ষণ সুহানা খান। বাবার সঙ্গে এটাই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। সুহানার অভিনয়ে অভিষেক হয়েছিল ২০২৩ সালে ‘দ্য আর্চিজ’ দিয়ে। ‘কিং’ ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যাঁর সঙ্গে শাহরুখের আগের ছবি ‘পাঠান’ বক্স অফিসে ঝড় তুলেছিল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রেক্ষাগৃহে আসার কথা ২০২৬ সালের ২৪ ডিসেম্বর। ট্রেলার আর কাহিনি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি, তাই আপাতত এই পোস্টার নিয়েই চলছে ভক্তদের জল্পনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









