১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অভিনেত্রী পূজা চেরির বাবা কারাগারে । ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। তার বিরুদ্ধে প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। গত ১৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।
ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান জানান, ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলার ভিত্তিতেই পূজা চেরির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

কীভাবে নেওয়া হয় বিপুল অর্থ?
মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন দেবু প্রসাদ রায়। এরপর একইভাবে আরও ৫০ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিভিন্ন সময়ে ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয়। সব মিলিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ
ভুক্তভোগী মিজানুর রহমান দাবি করেন, দীর্ঘ সময় পার হলেও তাকে কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেওয়া হয় এবং পরে হুমকি দেওয়া শুরু হয়।
তিনি বলেন, পূজা চেরির সঙ্গে পূর্ব পরিচয়ের কারণেই তিনি এই অর্থ দিয়েছেন। বিশ্বাসের সুযোগ নিয়েই এই প্রতারণা করা হয়েছে বলে তার অভিযোগ। বিষয়টি তিনি থানায় জানিয়ে মামলা দায়ের করেছেন।
আর্থিক লেনদেন খতিয়ে দেখছে পুলিশ
পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। লেনদেনের সব তথ্য ও স্টেটমেন্ট যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে জানিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, আর্থিক লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এতে আরও তথ্য পাওয়া যেতে পারে।

মামলার সঙ্গে সম্পৃক্ততা নেই: পূজা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি সম্প্রতি তার বাবাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। রবিবার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেপ্তার ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ তাকে বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত করছে।

পূজা চেরি বলেন, সাম্প্রতিক ঘটনাকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি অসংখ্য ফোন কল ও বার্তা পাচ্ছেন। বিভ্রান্তি এড়াতে এবং নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি এই বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই।
অভিনেত্রী আরও জানান, দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে তিনি মিডিয়া অঙ্গনে কাজ করছেন। নিজের পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার গড়ে তুলেছেন। নিজের জীবনযাপন ও ব্যয়ের দায়িত্বও তিনি নিজেই বহন করেন। তার ভাষ্য অনুযায়ী, বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এছাড়াও পূজা চেরি পরিষ্কারভাবে উল্লেখ করেন, তিনি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন। তার বিরুদ্ধে যেসব গুজব বা ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন বলেও ইঙ্গিত দেন তিনি।
একজন শিল্পী হিসেবে দর্শকদের ভালোবাসা ও সম্মানকে সবসময় গুরুত্ব দিয়ে আসছেন উল্লেখ করে পূজা বলেন, পরিবারের একজন সদস্যের কারণে তৈরি হওয়া এই পরিস্থিতি তার জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবে তিনি এটিকে তার বাবার ব্যক্তিগত আইনি বিষয় হিসেবেই দেখছেন। তিনি বিশ্বাস করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।
