বলিউড ছাড়ছেন গায়ক প্রীতম
বলিউডজুড়ে চলছে বিরতি নেয়ার পালা। কিছুদিন আগেই বলিউড সিনেমার প্লেব্যাক থেকে বিরতি নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার আলোচনা শুরু হয়েছে সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সুরকার প্রীতমকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতম একটি পোস্ট দেন যাকে ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। অনেকের ধারণা, তিনি হয়তো প্লেব্যাক ও বাণিজ্যিক সংগীতজগত থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
গত ১৪ জুন প্রীতম তাঁর ৫৫তম জন্মদিন উদযাপন করেন। দিনভর সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে দিন শেষে সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্ট অনেককেই বিস্মিত করেছে।
জীবনের টানে প্রীতম
পোস্টে প্রীতম লিখেছেন, ‘আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলোর স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলোকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব। এই বক্তব্যের পর থেকেই তার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও পোস্টে সরাসরি সংগীতজগৎ বা প্লেব্যাক থেকে সরে যাওয়ার কথা উল্লেখ করেননি তিনি।

পোস্টের পরবর্তী অংশে প্রীতম আরো লেখেন, ‘বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।
পোস্টটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনিও বিরতি নিচ্ছেন! প্রীতমের নতুন গানগুলো মিস করব। বিশেষ করে অরিজিৎ-প্রীতমের জুটিটাকে।’ আরেকজনের মন্তব্য, ‘এতে বলিউডের ক্ষতি হলেও প্রকৃত সংগীতপ্রেমীদের জন্য হয়তো আশীর্বাদ হয়ে আসবে।’
তবে ভক্তদের এমন মন্তব্যের কোনো জবাব দেননি প্রীতম। ফলে তিনি সত্যিই অবসরের পথে হাঁটছেন, নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন-সেটি এখনো স্পষ্ট নয়।
অরিজিৎ সিং ও প্রীতম
চলতি বছরের শুরুতে গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার একই ধরনের রহস্যময় বার্তায় আলোচনার কেন্দ্রে এলেন প্রীতম। তবে শ্রোতারা ধরেই নিয়েছেন এই গায়ক আর ফিরবেন না তাঁর সুমধুর সংগীত ও সঙ্গীতায়োজন নিয়ে। ফলে, প্রীতম ভক্ত ও শ্রোতাদের কাছে বিষয়টি বেশ বিষাদময় হয়ে উঠেছে।

তবে অরিজিৎ কেবলমাত্র সিনেমার গান থেকে বিদায় নিয়েছেন আর প্রীতম তাঁর সামাজিক মাধ্যমের পোস্টে সরাসরি গান থেকেই বিদায় নেয়ার ইঙ্গিত দিলেন যা বেশ অবাক করার মতই। ফলে, অরিজিৎকে তাঁর ব্যক্তিগত গানের জায়গায় পাওয়া গেলেও প্রীতমকে গানে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান শ্রোতারা।


