লাভ অ্যান্ড ওয়ার সিনেমা
বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে সিনেমাটির সেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক শ্রমিক। এবার শুটিং সেটে প্রাণ হারানো সেই শ্রমিকের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান ।
গত ১৭ জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম স্টুডিওতে সিনেমাটির সেট নির্মাণের কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৪২ বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনার সূত্রপাত হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এফডব্লিউআইসিই এর দাবি
দুর্ঘটনার পর ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান এর সঙ্গে বৈঠক করে। সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে অভিযোগ করেন, শুটিং সেটে কর্মীদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কাজ করতে হয়েছে। তাঁর দাবি, সকাল ৭টার শিফটে কাজে যোগ দেওয়া অনেক শ্রমিক পরদিন রাত ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন।
নিহত শ্রমিকের পরিবারের জন্য প্রথমে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছিল এফডব্লিউআইসিই। আলোচনার পর বানসালির প্রযোজনা সংস্থা ৪০ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংগঠনের দাবি, ক্ষতিপূরণের চেকও ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।
এ ছাড়া যাদবের জন্য বিদ্যমান বিমা সুবিধা থেকেও তাঁর পরিবার অতিরিক্ত ১০ থেকে ১৫ লাখ রুপি পেতে পারে বলে জানিয়েছে সংগঠনটি। ফলে মোট আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়তে পারে।

শুধু আর্থিক সহায়তাই নয়, নিহত শ্রমিকের পরিবারের দীর্ঘমেয়াদি সুরক্ষার বিষয়েও আলোচনা চলছে। এফডব্লিউআইসিই এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান, সঞ্জয় লীলা বানসালি যাদবের স্ত্রীকে উপযুক্ত চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। পাশাপাশি তাঁর দুই কন্যার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। যাদবের মেয়েদের বয়স যথাক্রমে ১০ ও ৬ বছর।
নিরাপত্তা প্রশ্ন
এই দুর্ঘটনার পর চলচ্চিত্রের শুটিং সেটে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এফডব্লিউআইসিই প্রশাসনের কাছে পুরোনো স্টুডিও ও শুটিং সেটের নিরাপত্তা নিরীক্ষার দাবি জানিয়েছে। সংগঠনটির প্রস্তাব, পুরোনো অবকাঠামো, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরিদর্শনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবিটি ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।


