জুলাই আন্দোলন
দেশের জুলাই আন্দোলনকে হেয় করা, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহির বিরুদ্ধে করা জিডির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
জানা গেছে, শুক্রবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্যসচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা শাহবাগ থানায় এ জিডি দায়ের করেন।

জিডিতে অভিযোগ করা হয়েছে, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।
একই সঙ্গে অভিযোগে বলা হয়, মাহিয়া মাহি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোর কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করে কটাক্ষ করা হয়েছে। এতে আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করা হয়েছে বলেও জিডিতে দাবি করা হয়েছে।
এ ছাড়া শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতার আঘাতের একটি ভিডিও তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। জিডিতে বলা হয়, ভিডিওটি শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ বিষয়ে ওসি মো. মনিরুজ্জামান বলেন, “একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। অভিযোগে উল্লেখ করা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য ও সংশ্লিষ্ট লিংকগুলো যাচাই-বাছাই করবে সাইবার ইউনিট। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতীত প্রেক্ষাপট
এর আগে, গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মাহিয়া মাহি। জুলাই অভ্যুত্থানের পর থেকে এই অভিনেত্রীকে জনসম্মুখে খুব কমই দেখা গেছে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এখনো দেশে ফেরেননি বলে জানা গেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী পিয়া জান্নাতুলের বিরুদ্ধেও নানা সমালোচনা উঠেছে। মেহের আফরোজ শাওনের পক্ষে দাঁড়াতে বলায় তাঁর বিরুদ্ধেও বেশকিছু নেটিজেন ক্ষোভ প্রকাশ করেন।


