Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুলাই ৫, ২০২৬

আজ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

আমির খান
আমির খান ও গৌরী স্প্র্যাট

আমির খানের বিয়ে

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (৫ জুলাই) জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন তিনি। তবে বলিউডের তারকাখচিত জাঁকজমকপূর্ণ আয়োজন থেকে একেবারেই ভিন্ন পথে হেঁটেছেন এই তারকা। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও অল্প কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে নিয়ে একান্ত ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

আমিরের বিয়েতে অতিথি ১০০-১৫০ জন

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে আমির খানের নিজ বাসভবনেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আয়োজন। অতিথির সংখ্যা রাখা হয়েছে মাত্র ১০০ থেকে ১৫০ জনের মধ্যে। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন দীর্ঘদিনের কয়েকজন বন্ধু এবং চলচ্চিত্র অঙ্গনের হাতে গোনা কিছু সহকর্মী।

শুধু অতিথি তালিকাই নয়, বিয়ের মধ্যাহ্নভোজের মেনু থেকে শুরু করে পুরো আয়োজনের পরিকল্পনা নিজেরাই করেছেন আমির ও গৌরী। অতিথিদের জন্য কী পরিবেশন করা হবে, কোন পরিবেশে অনুষ্ঠান হবে, এসব বিষয়েও দুজনের ব্যক্তিগত পছন্দ ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, খাবারের প্রস্তুতি ও পরিবেশনের বিষয়েও তাঁরা সরাসরি নজরদারি করেছেন।

আমির খান ও গৌরী স্প্র্যাট। ছবি: সংগৃহীত

ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, এটি কোনো তারকাসুলভ বিলাসী আয়োজন নয়। বরং দিনটিকে পরিবারের মানুষ ও সবচেয়ে কাছের বন্ধুদের সঙ্গে আন্তরিকভাবে উদ্‌যাপন করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল। তাঁদের ইচ্ছা, বিয়ের স্মৃতি যেন বাহুল্য নয়, বরং সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আমিরের বিয়েতে থাকছেন তিন সন্তান

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুদের মধ্যে পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানিসহ বলিউডের আরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি।

আমিরের তৃতীয় বিয়েতে উপস্থিত থাকবেন দুই সন্তান জুনায়েদ খান, আজাদ রাও খান। ছবি: সংগৃহীত

বিয়ের খবর নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চললেও গত বৃহস্পতিবার মুম্বাইয়ে নতুন সিরিজ ‘প্রীতম অ্যান্ড পেড্রো’র প্রচারণায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমবারের মতো বিষয়টি নিশ্চিত করেন আমির খান। তিনি বলেন, ‘৫ জুলাই আমাদের বিয়ে। একেবারেই ছোট পরিসরে, নিজের বাড়িতেই আয়োজন করা হয়েছে। দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন। আমরা খুব সীমিত পরিসরে উদ্‌যাপন করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে থাকতে পারি এবং জীবনের নতুন পথচলা সুন্দর হয়।’

আমির ও গৌরীর পরিচয় আজকের নয়। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম পরিচয় হলেও দীর্ঘ সময় যোগাযোগ ছিল না। কয়েক বছর আগে আবারও তাঁদের দেখা হয়। সেই পুনর্মিলন থেকেই ধীরে ধীরে পুরোনো বন্ধুত্ব রূপ নেয় গভীর সম্পর্কে।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। সেদিন তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে গৌরীর মধ্যে তিনি এমন এক ধরনের শান্তি, স্থিরতা ও মানসিক স্বস্তি খুঁজে পেয়েছেন, যা আগে কখনো অনুভব করেননি।

আমিরের তৃতীয় বিয়েতে উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী। ছবি: সংগৃহীত

পরবর্তী একাধিক সাক্ষাৎকারেও গৌরীকে নিয়ে নিজের অনুভূতির কথা অকপটে জানিয়েছেন এই অভিনেতা। তাঁর ভাষায়, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছিলাম, যার সঙ্গে শান্তিতে থাকতে পারব। গৌরীর মধ্যে আমি সেই মানুষটিকেই খুঁজে পেয়েছি।’ আরেক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে গৌরী আমার জীবনে এসেছে। মনে হয়, জীবনের এই পর্যায়ে এসে আমি যেন পূর্ণতা পেয়েছি।’

উদ্যোক্তা থেকে আমিরের জীবনসঙ্গী

বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স্প্র্যাট পেশায় একজন উদ্যোক্তা এবং লাইফস্টাইল–সংশ্লিষ্ট পেশাজীবী। দীর্ঘদিন একটি পরিচিত স্যালন ও বিউটি চেইনের সঙ্গে কাজ করার পর বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গেও যুক্ত রয়েছেন। আগের সংসারে তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকতে ভালোবাসেন গৌরী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন একজন মানুষকে চেয়েছিলেন, যিনি ভদ্র, যত্নশীল ও মানবিক। তাঁর কাছে আমির কখনোই শুধু একজন সুপারস্টার ছিলেন না; বরং একজন নির্ভরযোগ্য মানুষ ও জীবনের সঙ্গী।

আমিরের সঙ্গে মেয়ে ইরা ও তার জামাই নূপুর। ছবি: সংগৃহীত

এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাঁদের ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও কিরণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। সন্তানের সহ-অভিভাবক হিসেবে এখনও একসঙ্গেই দায়িত্ব পালন করেন দুজন।

কয়েক মাস ধরে চলা নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে আজ ঘরোয়া আয়োজনে জীবনের নতুন পথচলা শুরু করছেন আমির খান ও গৌরী স্প্র্যাট। তারকাখচিত জৌলুস নয়, বরং পরিবারের ভালোবাসা, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি এবং আন্তরিক সম্পর্কের উষ্ণতাকেই নতুন জীবনের ভিত্তি হিসেবে বেছে নিয়েছেন এই যুগল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চরকি অ্যাওয়ার্ডসে বাজিমাত ‘সুড়ঙ্গ’ ও ‘ফরগেট মি নট’

চরকি অ্যাওয়ার্ডসে সেরাদের স্বীকৃতি বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চরকি অ্যাওয়ার্ডস-এর…
চরকি অ্যাওয়ার্ডস

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী হামিদ

নতুন অধ্যায়ে মৌসুমী হামিদ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন অধ্যায়ের সুখবর একসঙ্গে জানালেন।…
মৌসুমী হামিদ

আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী নিয়ে খায়রুল বাসারের খোঁচা আর্জেন্টিনার জয় বিশ্বকাপের আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচের জন্ম…
আর্জেন্টিনার জয়, কেপ ভার্দের লড়াইয়ে মুগ্ধ তারকারা

প্রথমবার চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান মোশাররফ করিম

জুরি প্রধানের দায়িত্বে মোশাররফ করিম দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার প্রথমবারের মতো আন্তর্জাতিক…
মোশাররফ করিম
0
Share