২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী
দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন নতুন প্রতিভার, যারা নিজেদের অভিনয়গুণে মুগ্ধ করছেন দর্শক ও সমালোচক-উভয়কেই। বর্তমান হলিউডে ২৫ বছরের কম বয়সী তরুণী অভিনেত্রীদের নিয়ে আগ্রহ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এই উদীয়মান তারকারা কেবল সৌন্দর্যের প্রতীক নন; তাঁরা তাঁদের শক্তিশালী অভিনয়, বহুমাত্রিক দক্ষতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে নতুন করে গড়ে তুলছেন হলিউডের ভবিষ্যৎ। হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই ইতোমধ্যে বিশ্বখ্যাতি পেয়েছে তাঁদের নিয়েই আজকের এই প্রতিবেদন।
স্ট্রিমিং প্ল্যাটফর্মে দুর্দান্ত অভিষেক থেকে শুরু করে বড় পর্দায় গ্ল্যামারাস ও স্মরণীয় উপস্থিতি যারা দেখিয়েছে সেসকল প্রভাবশালী তরুণী অভিনয়শিল্পীদের নাম এখানে আলোচনা করা হয়েছে। এই বিশ্লেষণ কেবল দর্শকপ্রিয়তা বা জনপ্রিয় ভোটের ওপর নির্ভর করে তৈরি হয়নি; বরং এতে বিবেচনায় নেওয়া হয়েছে সমালোচকদের প্রশংসা, শিল্পমহলের আলোচনা, উল্লেখযোগ্য চলচ্চিত্রকর্ম এবং সমকালীন সংস্কৃতিতে তাঁদের প্রভাব ও গ্রহণযোগ্যতা। গ্রে জার্নাল অবলম্বনে।
ফ্রেয়া অ্যালান –Freya Allan
ফ্যান্টাসি অ্যান্ড অ্যাকশন এক্সিলেন্স

ফ্রেয়া অ্যালান জনপ্রিয়তার শিখরে পৌঁছান ‘দ্য উইচার’-এ অভিনয়ের মাধ্যমে। এতে তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জিং এবং আবেগঘন এক জটিল চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন অসম দক্ষতায়। ফ্যান্টাসি ও অ্যাকশনধর্মী ঘরানায় তাঁর দৃঢ় উপস্থিতি তাঁকে সমসাময়িক তরুণ অভিনেত্রীদের ভিড়ে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে।
বড় বাজেটের ভিজ্যুয়াল-ইফেক্টনির্ভর প্রযোজনায় কাজ করা সেরা তরুণ অভিনেত্রীদের একজন হিসেবে তাঁকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। শারীরিক শৃঙ্খলা, পরিমিত অভিনয় এবং চরিত্রে বিশ্বাসযোগ্যতার নিখুঁত সমন্বয়ে অ্যালানকে করে তুলেছে অনবদ্য।
স্যাডি সিঙ্ক –Sadie Sink
মাস্টার অব ইমোশনাল স্টোরিটেলিং

স্যাডি সিঙ্ক তাঁর গভীর আবেগঘন ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে হলিউডে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে ‘স্ট্রেঞ্জার থিংস’-এ তাঁর অনবদ্য উপস্থিতি দর্শক ও সমালোচক-উভয়ের কাছেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ট্রমা, মানসিক দৃঢ়তা এবং ভঙ্গুর মানবিক অনুভূতির সূক্ষ্ম প্রকাশে তাঁর অভিনয় এক অনন্য মাত্রা পেয়েছে, যা চরিত্রকে করেছে জীবন্ত ও গভীরভাবে স্পর্শকাতর।
সমসাময়িক সময়ের সবচেয়ে সমাদৃত তরুণী অভিনেত্রীদের একজন হিসেবে স্যাডি সিঙ্ক-এর নাম উঠে আসে সেরাদের তালিকায়। তিনি ভবিষ্যতের বড় পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের একজন হয়ে উঠছেন। তাঁর অভিনয়ের গভীরতা ও পরিণত প্রকাশভঙ্গি তাঁকে কেবল কিশোর চরিত্রের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেনি; বরং প্রজন্মের সেরা অভিনেত্রীদের কাতারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
মিলি ববি ব্রাউন –Millie Bobby Brown
দ্য গ্লোবাল ফেস অব জেন-জি হলিউড

মিলি ববি ব্রাউন ২৫ বছরের কম বয়সী অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নামগুলোর একটি। স্ট্রেঞ্জার থিংস-এ অসাধারণ সাফল্যের পর ‘এনোলা হোমস’-এর মতো জনপ্রিয় প্রযোজনায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী থেকে পূর্ণাঙ্গ প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন।
বড় ফ্র্যাঞ্চাইজি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের মৌলিক কনটেন্টে সমান দক্ষতায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাঁকে সমসাময়িক তরুণী অভিনেত্রীদের মধ্যে সেরার কাতারে পৌঁছে দিয়েছে। অভিনয়গুণ, তারকাখ্যাতি এবং বৈশ্বিক আবেদন-সব মিলিয়ে তরুণ, সুন্দরী ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হলিউড অভিনেত্রীদের আলোচনায় মিলি ববি ব্রাউন এর নাম সবার আগে উচ্চারিত হচ্ছে।
অলিভিয়া রদ্রিগো –Olivia Rodrigo
রিডিফাইনিং স্টারডম অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ

অলিভিয়া রদ্রিগো এই তালিকায় এক ভিন্নমাত্রার তারকা অভিনেত্রী। অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই তিনি সমানভাবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ডিজনে প্লাস-এর প্রযোজনায় তাঁর অভিনয়জীবনের সূচনা দর্শকদের নজর কাড়ে, আর পরবর্তীতে চার্টের-শীর্ষে ওঠা অ্যালবামের মাধ্যমে তিনি পপ সংস্কৃতির অন্যতম প্রভাবশালী মুখে পরিণত হন।
চলচ্চিত্রে অন্যদের তুলনায় তাঁর পথচলা তুলনামূলক নতুন হলেও, পর্দায় ব্যক্তিত্বময় উপস্থিতি, সহজাত ক্যারিশমা এবং বিস্তৃত সাংস্কৃতিক প্রভাব তাঁকে সেরা তরুণী অভিনেত্রীদের আলোচনায় স্বাভাবিকভাবেই জায়গা করে দিয়েছে। অভিনয় ও সংগীত-দুই জগতেই তাঁর এই পদচারণা অতীতের বহু প্রতিভাধর আইকনিক তারকার শুরুর দিনের কথা মনে করিয়ে দেয়।
এমা মায়ার্স –Emma Myers
দ্য কোয়াইট ব্রেকআউট পারফরমার

এমা মায়ার্সব্যাপক আলোচনায় আসেন ওয়েন্জডে-তে অভিনয়ের মাধ্যমে, যেখানে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতির মাঝেও তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সহজাত অভিনয়শৈলী আলাদাভাবে দর্শকের নজর কাড়ে। হলিউডের অনেক জাঁকজমকপূর্ণ আত্মপ্রকাশের বিপরীতে, এমা মায়ার্স প্রতিনিধিত্ব করছেন এক সংযত, চরিত্রনির্ভর এবং গভীর অভিনয়ধারার।
আড়ম্বরের চেয়ে স্বাভাবিকতা ও বিশ্বাসযোগ্য অভিনয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি ক্রমেই সমসাময়িক সেরা তরুণী অভিনেত্রীদের একজন হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। তাঁর ক্রমবর্ধমান কাজের পরিধি ইঙ্গিত দেয়-টেলিভিশন ও চলচ্চিত্র, উভয় মাধ্যমেই দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখার সম্ভাবনা তাঁর মধ্যে বিদ্যমান। মে মাসে মুক্তি পাচ্ছে তাঁর ‘এ গুড গার্লস গাইড টু মার্ডার’ সিরিজ।
ইসাবেলা মার্সিড –Isabela Merced
ভার্সাটিলিটি অ্যাক্রস জেনারস

ইসাবেলা মার্সিড অ্যাকশন, ড্রামা এবং পারিবারিক বিনোদনধর্মী চলচ্চিত্র থেকে শুরু করে বিভিন্ন ঘরানায় অভিনয় করে ইতোমধ্যেই গড়ে তুলেছেন এক চিত্তাকর্ষক ক্যারিয়ার। ‘ডোরা অ্যান্ড দ্য লস্ট সিটি অব গোল্ড’-এ প্রাণবন্ত চরিত্র থেকে শুরু করে গভীর আবেগনির্ভর নাটকীয় ভূমিকায় তাঁর অনায়াসে বিচরণ প্রমাণ করে, অভিনয়ের পরিসর ও বহুমাত্রিকতায় তিনি সত্যিই অনন্য।
চরিত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে আজকের সময়ে সবচেয়ে পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ তরুণী অভিনেত্রীদের একজন করে তুলেছে। সৌন্দর্য ও অভিনয়দক্ষতার বিরল সমন্বয়-যে গুণকে হলিউড সবসময় বিশেষ মর্যাদা দেয়-সেই আলোচনায়ও ইসাবেলা মার্সিড-এর নাম উঠে আসছে এখন।
এমিলি অ্যালিন লিন্ড – Emily Alyn Lind
আ স্ট্রং টেলিভিশন পারফরমার

এমিলি অ্যালিন লিন্ড ধারাবাহিকভাবে শক্তিশালী অভিনয়ের স্বাক্ষর রেখে চলেছেন টেলিভিশন নাটক, বিশেষ করে বিগ স্কাই-এর মতো প্রযোজনায়। চরিত্রের নানা স্তর, মানসিক জটিলতা ও আবেগের সূক্ষ্ম ওঠানামা নিখুঁতভাবে ফুটিয়ে তোলার দক্ষতা তাঁকে শিল্পমহলে বিশেষ সম্মান এনে দিয়েছে। যদিও তিনি সচেতনভাবেই জাঁকজমকপূর্ণ ব্লকবাস্টারধর্মী পথের বাইরে রয়েছেন।
তিনি সেই শ্রেণির সেরা অভিনেত্রীদের প্রতিনিধিত্ব করেন, যাঁরা প্রচার-আলোড়নের চেয়ে অভিনয়ের গুণমান দিয়েই নিজের অবস্থান দৃঢ় করতে চাচ্ছেন। সমালোচকদের চোখে এমিলি অ্যালিন লিন্ড একজন পাদপ্রদীপের বাহিরে অথচ অসাধারণ এক প্রতিভা-যাঁর সামনে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা।
কাইলা কেনেডি –Kyla Kenedy
ক্যারেক্টার-ফোকাসড অ্যান্ড রিলায়েবল

কাইলা কেনেডি ‘স্পিচলেস’ এবং ‘দ্য ওয়াকিং ডেড’-এর মতো দলগত অভিনয়নির্ভর প্রযোজনায় ধারাবাহিক ও পরিমিত অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। জটিল কাহিনিকে বিশ্বাসযোগ্য আবেগ, স্বাভাবিক প্রকাশভঙ্গি এবং চরিত্রের মানবিক গভীরতার মাধ্যমে বাস্তবসম্মত করে তোলাই তাঁর অভিনয়ের সবচেয়ে বড় শক্তি।
বাণিজ্যিক জনপ্রিয়তার দিক থেকে হয়তো তিনি অন্য অনেক তারকার মতো আলোচনার কেন্দ্রে নন, তবে সহ-অভিনেত্রী ও চরিত্রনির্ভর ভূমিকায় কাইলা কেনেডি সমসাময়িক সেরা তরুণী অভিনেত্রীদের একজন। দীর্ঘ পরিসরের টেলিভিশন গল্প বলার ক্ষেত্রে এমন অভিনয়শিল্পীর উপস্থিতি কেবল গুরুত্বপূর্ণই নয়-অনেক সময় পুরো গল্পের আবেগী ভিত্তি নির্মাণেও তাঁদের ভূমিকা হয়ে ওঠে অপরিহার্য।
সিয়েনা আগুডং –Siena Agudong
স্ট্রিমিং অ্যান্ড ইয়ুথ মার্কেট ফেভারিট

সিয়েনা আগুডং ডিজনি অ্যান্ড নেটফ্লিক্স এর বিভিন্ন প্রযোজনার মাধ্যমে ইতোমধ্যেই একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর সবচেয়ে বড় শক্তি হলো সহজে সম্পর্ক স্থাপনযোগ্য পর্দা-উপস্থিতি, যা তাঁকে বিশেষভাবে তরুণ দর্শকদের কাছে প্রিয় করে তুলেছে।
জেন-জি দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারার দক্ষতা ইতমধ্যে সমসাময়িক হলিউড অভিনেত্রীদের কাতারে নিয়ে এসেছে।
জেনা ওর্তেগা –Jenna Ortega
হলিউডস জেনার-ডিফাইং স্টার

জেনা ওর্তেগা পর্দায় তাঁর শক্তিশালী উপস্থিতি এবং বৈচিত্র্যময় ঘরানায় কাজ করার পারদর্শিতার কারণে ২০২৬ সালের সেরা তরুণী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ওয়েন্জডে-তে তাঁর ব্রেকআউট পারফরম্যান্স তাঁকে বৈশ্বিক পর্যায়ে এক নতুন সাংস্কৃতিক ফেনোমেননে পরিণত করেছে। এছাড়া ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর অভিনয় তাঁকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
জনপ্রিয়তার বাইরেও জেনা ওর্তেগা সমালোচকদের কাছে প্রশংসিত তাঁর নিয়ন্ত্রিত আবেগ, সংযত অভিনয় এবং পরিণত চরিত্র উপস্থাপনের দক্ষতার জন্য। তিনি সেই আধুনিক মানদণ্ডকে প্রতিনিধিত্ব করেন, যেখানে একজন সেরা তরুণী অভিনেত্রীর মধ্যে প্রতিভা, সাংস্কৃতিক প্রভাব এবং ধারাবাহিক পারফরম্যান্স-এই তিনটি উপাদান একসঙ্গে অবস্থান করে।
সব মিলিয়ে এই তারকারা হয়ে উঠছেন আগামীর হলিউডের পোস্টার গার্ল যারা অস্কার থেকে কান কিংবা বার্লিন সহ স্বনামধন্য সব চলচ্চিত্র উৎসবে বাজিমাত করবেন। একই সাথে হলিউডকে রাজত্ব করবেন।


