কূটনীতিতে হাবিবের মহাজাদু
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বের পাশাপাশি সফরটি এবার আলোচনায় এসেছে ভিন্ন এক কারণে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’। ভিডিওটি প্রকাশের পর থেকেই দুই দেশের নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যান তিনি। সফরের সময় দুই নেতার মধ্যে একান্ত বৈঠক এবং পরে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি, শিক্ষা, কৃষি ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
এই সাক্ষাৎ এর পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওতে দেখা যায়, কুয়ালালামপুরে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো থেকে শুরু করে দ্বিপক্ষীয় বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচির গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। সফরের নানা দৃশ্যের ভিডিওটির সঙ্গে ব্যবহার করা হয়েছে হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গান, যা বাংলাদেশি মানুষদের বেশ অবাক করেছে।
মহাজাদু গান
‘মহাজাদু’ গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের ষষ্ঠ গান এবং কোক স্টুডিও বাংলায় হাবিব ওয়াহিদের প্রথম অংশগ্রহণ। গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তম। এর কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া, যিনি সাধক দুর্বিন শাহর শিষ্য হিসেবে পরিচিত।
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি লাখোবার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন। অনেকেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিসিয়াল ভিডিওতে বাংলা গানের ব্যবহারকে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
মালয়েশিয়া সফরে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় এবং পরে তারা যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেন। সফরটি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে দুই পক্ষই আশা প্রকাশ করেছে।
দুই দিনের সরকারি সফর শেষে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। তবে মালয়েশিয়া সফরের কূটনৈতিক অর্জনের পাশাপাশি আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে হাবিব ওয়াহিদের ‘মহাজাদু’ গানের ব্যবহারও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।