মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর
গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনৈতিক বলে যাওয়া থালাপতি বিজয়। ক্ষমতায় বসেই এবার বড় পদক্ষেপ নিলেন বিজয়। রাজ্যের মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি রাষ্ট্র পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় ।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টিএএসএমএসি) পরিচালিত এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (১২ মে) সকালে সরকারি এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে রাজ্যে টিএএসএমএসির পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত বলে জানানো হয়েছে।
সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি আগামী ২ সপ্তাহের মধ্যে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি খুচরো মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, টিএএসএমএসি থেকে বিপুল রাজস্ব আয় হওয়া সত্ত্বেও এই সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ৪৮ হাজার কোটি রুপিরও বেশি।
বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এটি সুপারস্টার অভিনেতা ও ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) এর প্রধান হিসেবে বিজয়ের প্রথম বড় সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের ফলে সরকার আর্থিক চাপে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জোটে মুখ্যমন্ত্রী
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। টিভিকে পেয়েছে ১০৮টি আসন। পরে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এর সমর্থনে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপরেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।
জন নায়াগণ
এদিকে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগণ’। সম্প্রতি পুরো সিনেমাটি অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়ে যায়। এ ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন কেভিএন প্রোডাকশনস। আর মাত্র দুই সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে পারে সিনেমাটি এমনটাই ইঙ্গিত দিয়েছেন ছবিটির প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ।


