একইদিনে বাবা-ছেলের জন্ম
বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন শরীয়তপুর জেলায় জন্ম নেওয়া এই অভিনেতা জীবনের ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পদার্পণ করলেন। দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে তিনি দেশের ছোট পর্দার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হয়েছেন।
তবে এবারের জন্মদিন অপূর্বর জন্য শুধুই ব্যক্তিগত নয়, পারিবারিকভাবেও বিশেষ একটি দিন। কারণ, তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশের জন্মদিনও আজ। বাবা ও ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় প্রতিবছরই দিনটি পরিবারের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিশেষ দিন উপলক্ষে ভক্ত, সহশিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় ভাসছেন জনপ্রিয় এই অভিনেতা। অনেকে তার সঙ্গে তোলা স্মরণীয় ছবি প্রকাশ করে শুভকামনা জানিয়েছেন।
অপূর্বর শোবিজ যাত্রা
শোবিজের প্রতি ছোটবেলা থেকেই ছিল অপূর্বর প্রবল আগ্রহ। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মিস্টার বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। এরপর নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় নেসক্যাফের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকদের নজর কাড়েন।

অভিনেতা হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে। প্রথম নাটক থেকেই অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়ে তিনি দ্রুতই নির্মাতা ও দর্শকদের আস্থা অর্জন করেন। এরপর একের পর এক রোম্যান্টিক, পারিবারিক ও সামাজিক গল্পনির্ভর নাটকে অভিনয় করে নিজেকে ছোট পর্দার অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করলেও ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী তরুণের চরিত্রে তার আবেগঘন অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপক প্রশংসা পায়। এরপর থেকেই অনেক দর্শকের কাছে অপূর্ব ‘বড় ছেলে’ নামেই পরিচিত হয়ে ওঠেন।
ওটিটি থেকে টলিউড
বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও অভিনয় করেছেন অপূর্ব। সেখানে তার অভিনয়ও প্রশংসিত হয়েছে। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি। ভিন্নধর্মী গল্প ও চরিত্র বেছে নেওয়ার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনেও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন অপূর্ব। ২০১০ সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করলেও এক বছরের মাথায় সেই সংসারের ইতি ঘটে। এরপর একই বছর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। সেই সংসারে জন্ম নেয় ছেলে জায়ান ফারুক আয়াশ। ২০২০ সালে দ্বিতীয় সংসারেও বিচ্ছেদ ঘটে।
এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া। বর্তমানে স্ত্রী, কন্যা ও পরিবারের সদস্যদের নিয়ে সুখের সময় কাটাচ্ছেন তিনি। একই সঙ্গে ছেলে জায়ানের সঙ্গেও তার আন্তরিক সম্পর্ক রয়েছে।
ছেলেকে নিয়ে অপূর্বর আবেগঘন বার্তা
বাবা ও ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অপূর্ব। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।” আবার এক বাবা দিবসে ছেলেকে উদ্দেশ করে সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “আমি তোমাকে যখন দেখি, তখনই চিন্তা করি কিভাবে তুমি আমার মতো দেখতে হলে? কী স্বর্গীয় উপহার আল্লাহ আমাকে দিয়েছেন।”

অভিনয়ের ব্যস্ততাও থেমে নেই অপূর্বর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য ও রোমাঞ্চঘেরা এই গল্পে একজন অনুসন্ধানী চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েবফিল্মটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে কাজটি।
জন্মদিনে নতুন কাজের সাফল্য, পরিবারের ভালোবাসা এবং ভক্তদের অকুণ্ঠ শুভেচ্ছায় তাই অপূর্বর জীবনের বিশেষ এই দিনটি হয়ে উঠেছে দ্বিগুণ আনন্দের।