‘ভূত বাংলা’
দর্শকের ইতিবাচক সাড়া আর তাঁদের মুখে মুখে প্রচারের জোরে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে হরর-কমেডি ছবি ‘ভূত বাংলা’। দীর্ঘদিন পর পরিচালক প্রিয়দর্শন ও বলিউড তারকা অক্ষয় কুমার এই সিনেমার মাধ্যমে পুনর্মিলন ঘটিয়েছেন। আর তাতেই বাজিমাত। ‘ভূত বাংলা’ ১০ দিনেই ১৫০ কোটি রূপির মাইলফলক অতিক্রম করে ফেলেছে।
ছবিটি মুক্তির প্রথম দিন ও পেইড প্রিভিউতে প্রত্যাশামতো সাড়া পায়নি। অনেকেই ধারণা করেছিলেন, এটি হয়তো সাফল্যের মুখ দেখবে না। তবে সেই ধারণা বদলাতে সময় লাগেনি। প্রথম সপ্তাহ শেষে ছবিটি বিদেশের বাজারে আয় করে ৩.৮ মিলিয়ন ডলার, যা ধীরে ধীরে একটি স্থিতিশীল অবস্থান তৈরি করে দেয় আন্তর্জাতিক বাজারে। একই সময়ে দেশের বাজারেও ছবিটি গড় আয় বজায় রাখতে সক্ষম হয়।
দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটির দৈনিক আয় কিছুটা কমে গেলেও, সপ্তাহান্তে আবার নতুন করে গতি ফিরে পায়। বিশেষ করে শনিবার ও রবিবারের আয় ছবিটির জন্য ইতিবাচক হয়ে উঠে। শনিবার ছবিটি আয় করে ১০.৭৫ কোটি রূপি, আর রবিবার সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১২.৫০ কোটি রূপি। ফলে ১০ দিনের মাথায় দেশীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১৩.৪০ কোটি রূপি। এই ধারাবাহিকতা বজায় থাকলে, ছবিটি আরও বড় অঙ্ক ছুঁতে পারবে বলেই ধারণা করছেন বিশ্লেষকেরা।
মোট আয়
বিশ্বব্যাপী আয় হিসাব করলে, ‘ভূত বাংলা’ ইতিমধ্যেই ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৫০.০৫ কোটি রূপি। প্রযোজনা প্রতিষ্ঠান ‘বালাজি মোশন পিকচার্স’ তাঁদের সামাজিক মাধ্যম ‘এক্স’-এর এক পোস্টে এই তথ্য জানিয়ে লিখেছে, “হাসির ঝড় এখনো বক্স অফিসে রাজত্ব করছে।” তাদের এই মন্তব্যই প্রমাণ করে, ছবিটির প্রতি দর্শকের আগ্রহ এখনো কমেনি।

এদিকে বক্স অফিসের এই সাফল্যের পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডও ভেঙেছে ‘ভূত বাংলা’। এর মধ্যে অন্যতম হলো ‘স্কাই ফোর্স’ ছবির লাইফটাইম আয় অতিক্রম করা। অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত সেই ছবিটি মোট ১৪৯ কোটি রূপি আয় করেছিল। আর এদিকে মাত্র ১০ দিনেই ‘স্কাই ফোর্স’কে ছাড়িয়ে গেছে ‘ভূত বাংলা’।
এছাড়াও, বলিউডের হরর-কমেডি ঘরানার ছবির তালিকায়ও নিজের জায়গা শক্ত করেছে ‘ভূত বাংলা’। ইতিমধ্যেই এটি ষষ্ঠ সর্বোচ্চ আয় করা হরর-কমেডি ছবিতে পরিণত হয়েছে। এই পথে ছবিটি পেছনে ফেলেছে ‘মুঞ্জিয়া’ ছবির ১৩২ কোটি রূপির লাইফটাইম আয়।
যাদের পেরোতে হবে
তবে সামনে এখনও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বলিউডের এই ঘরানায় শীর্ষে রয়েছে কয়েকটি সুপারহিট ছবি, যেগুলোর আয় অনেক বেশি। তালিকার শীর্ষে রয়েছে ‘স্ত্রী ২’, যার আয় ৮৭৫ কোটি রূপি। এরপর রয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’ (৪২৪ কোটি), ‘ভুল ভুলাইয়া ২’ (২৬৬ কোটি), ‘স্ত্রী’ (১৮০ কোটি) এবং ‘থাম্মা’ (১৭০ কোটি)। আর এই তালিকায় আরও ওপরে ওঠাই এখন ‘ভূত বাংলা’র প্রধান লক্ষ্য।
দর্শক ও বিশ্লেষকদের মতে, ছবিটির সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখছে এর নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের পারফরম্যান্স। প্রিয়দর্শনের পরিচালনা বরাবরের মতোই এখানে হাস্যরস ও থ্রিলের মিশেল তৈরি করেছে। অন্যদিকে, অক্ষয় কুমারের কমেডি টাইমিং দর্শকদের কাছে নতুন করে প্রশংসিত হচ্ছে। দীর্ঘদিন পর এই জুটি আবার একসঙ্গে কাজ করায় দর্শকদের মধ্যেও ছিল আলাদা আগ্রহ।
‘ভূত বাংলা’ ছবির প্রযোজনায় রয়েছেন অক্ষয় কুমার, একতা কাপুর ও শোভা কাপুর। ‘বালাজি মোশন পিকচার্স’ এবং ‘কেপ অব গুড ফিল্মস’-এর ব্যানারে নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, জিশু সেনগুপ্ত, রাজপাল যাদব, টাবু এবং ওয়ামিকা গাব্বি।
আগে যেসব সিনেমায় জুটি হয়েছে
‘ভুল ভুলাইয়া’ (২০০৭)-এর পর এটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের দ্বিতীয় হরর-কমেডি। এর আগে ‘হেরা ফেরি’, ‘গরম মসলা’, ‘ভাগম ভাগ’, ‘দে দানা দান’ এবং ‘খাট্টা মিঠা’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। সেই সফল জুটির প্রত্যাবর্তনই যেন ‘ভূত বাংলা’র প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।


