মাত্র ছয় সপ্তাহ আগে মা হয়েছেন হাঙ্গেরিয়ান সুপারমডেল বারবারা পালভিন। মাতৃত্বের নতুন অধ্যায় শুরুর পরই ফিরেছেন র্যাম্পে। স্ত্রীর এই প্রত্যাবর্তন দেখে আবেগ সামলাতে পারেননি স্বামী ও মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস। দর্শকসারিতে বসে ফোনে স্ত্রীর হাঁটার দৃশ্য ধারণ করার পাশাপাশি তাকে উৎসাহ দেন তিনি। অন্যদিকে র্যাম্প থেকে স্বামীর দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন বারবারা। তাঁদের এই মিষ্টি মুহূর্ত নজর কেড়েছে ভক্তদের।
১৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোয়ে অংশ নেন বারবারা। প্রথম সন্তানের জন্মের পর এটিই ছিল তাঁর র্যাম্পে ফেরা। গোলাপি পোশাকে প্রথমবার এবং সাদা ঝলমলে পোশাকে দ্বিতীয়বার র্যাম্পে দেখা যায় তাঁকে। প্রতিবারই আত্মবিশ্বাসী পদচারণায় দর্শকদের নজর কাড়েন এই মডেল।
তবে ফ্যাশন শোর ঝলমলে আয়োজনের বাইরেও আলোচনায় এসেছে ডিলানের প্রতিক্রিয়া। দর্শকসারির সামনের দিকে বসে স্ত্রীর হাঁটা উপভোগ করেন তিনি। বারবারাকে দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দেন, উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ক্যামেরায় ধরে রাখেন তাঁর বিশেষ মুহূর্ত। স্ত্রীর প্রতি এই সমর্থন ও আবেগের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বারবারা ও ডিলানের প্রথম সন্তান কন্যা সিলভি। গত ৭ সেপ্টেম্বর জন্ম নেয় শিশুটি। এরপর প্রায় ছয় সপ্তাহের মাথায় ফ্যাশন শোয়ে অংশ নেন বারবারা। মা হওয়ার পর কাজে ফেরার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, মাতৃত্বের নতুন জীবন যেমন আনন্দের, তেমনি কিছুটা ভীতিকরও। সবকিছুই তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা।
শোয়ের আগে বারবারা জানিয়েছিলেন, পরিবার ও বন্ধুদের সহায়তা তাঁর জন্য গুরুত্বপূর্ণ ছিল। মাতৃত্বের পর কাজে ফেরার এই সুযোগকে তিনি ইতিবাচক হিসেবেও দেখেছেন। তবে প্রসবের পর সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা প্রত্যেক নারীর ক্ষেত্রে আলাদা। তাই তাঁর র্যাম্পে ফেরাকে অন্য মায়েদের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বা প্রত্যাশার মাপকাঠি হিসেবে দেখা উচিত নয়।

স্ত্রীর সাফল্যে গর্বিত ডিলান
বারবারার র্যাম্পে ফেরার আগেই স্ত্রীর প্রতি নিজের গর্বের কথা জানিয়েছিলেন ডিলান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বারবারার পরিশ্রমের প্রশংসা করেন। সন্তান জন্মের পর এত দ্রুত কাজে ফেরার প্রস্তুতি নেওয়ায় স্ত্রীর শক্তি ও নিষ্ঠা দেখে বিস্ময়ও প্রকাশ করেন অভিনেতা।
এই দম্পতির পরিচয় ও প্রেমের গল্পও ভক্তদের কাছে পরিচিত। ২০১৮ সাল থেকে তাঁদের সম্পর্কের শুরু। ২০২৩ সালের জুলাইয়ে বিয়ে করেন তাঁরা। এবার প্রথম সন্তানের আগমনে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন দুজন।

‘গ্রিন ফরেস্ট’ বলছেন ভক্তরা
ডিলানের আবেগঘন প্রতিক্রিয়া দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর প্রশংসা করছেন। কেউ কেউ তাঁকে ‘গ্রিন ফরেস্ট’ কিংবা ‘গ্রিনেস্ট হাজব্যান্ড ম্যাটেরিয়াল’ বলে অভিহিত করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষায় ‘গ্রিন ফ্ল্যাগ’ বলতে এমন আচরণকে বোঝায়, যা একটি সুস্থ, সম্মানজনক ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেয়। আর ‘গ্রিন ফরেস্ট’ হলো সেই ধারণারই মজার ও অতিরঞ্জিত রূপ। অর্থাৎ, একজন মানুষের ইতিবাচক গুণ এত বেশি যে তাঁকে পুরো বনভূমির সঙ্গে তুলনা করা যায়।
বারবারার র্যাম্পে ফেরার মুহূর্তে ডিলানের উচ্ছ্বাস অনেকের কাছে ভালোবাসা ও পারস্পরিক সমর্থনের প্রতীক হয়ে উঠেছে। স্ত্রীর অর্জনে গর্ব প্রকাশ, তাঁর পাশে থাকা এবং আবেগ প্রকাশে সংকোচ না করা, এসব কারণেই তাঁদের এই মুহূর্ত দর্শকদের মন ছুঁয়েছে।







