বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে পাঁচ দশকের পথচলা পূর্ণ করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। ১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করা ব্যান্ডটি দীর্ঘ সময় ধরে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় গান। এবার প্রতিষ্ঠার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে বছরজুড়ে কনসার্টসহ নানা আয়োজনের পরিকল্পনা করেছে দলটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের কথা জানান ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও কি-বোর্ডশিল্পী ফুয়াদ নাসের বাবু। তিনি জানান, পাঁচ দশকের এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে পুরোনো জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হবে।
ফুয়াদ নাসের বাবু বলেন, ‘একটি ব্যান্ডের পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা সত্যিই এক আনন্দের ব্যাপার। এই পথচলা কেবল আমাদের একার নয়; এই যাত্রায় জড়িত ছিলেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি আমাদের কোটি অনুরাগী ও শ্রোতা। তাঁদের অকৃত্রিম ভালোবাসা না থাকলে আমরা আজকের ফিডব্যাক হতে পারতাম না।’
তিনি আরও বলেন, ‘৫০ বছরের এই মাইলফলককে ঘিরে আমরা বছরব্যাপী বিভিন্ন আয়োজন করব। আমাদের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে শ্রোতাদের সামনে তুলে ধরব। পাশাপাশি সারা বাংলাদেশে কনসার্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাব। যাঁদের ভালোবাসায় আমাদের এত দূর আসা, তাঁদের সঙ্গে নিয়েই এই আনন্দ ভাগ করে নিতে চাই।’

ফিডব্যাকের জনপ্রিয় গান
দীর্ঘ সংগীতজীবনে ফিডব্যাক তৈরি করেছে এমন অনেক গান, যেগুলো শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। ‘মেলায় যাইরে’, ‘এইদিন চিরদিন রবে’, ‘এক বাঁক প্রজাপতি’, ‘বাউন্ডুলে’, ‘উদাসী’, ‘মৌসুমী’, ‘তিষ্ঠি’, ‘সুখী মানুষের ভিড়ে’ ও ‘গীতিকবিতা’ তার মধ্যে উল্লেখযোগ্য। বিশেষ করে বাংলা নববর্ষ উদ্যাপনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গেছে ‘মেলায় যাইরে’ গানটি। বৈশাখী উৎসবের আবহে গানটি আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। সময় বদলালেও গানটির আবেদন ধরে রেখেছে ফিডব্যাকের কয়েক দশকের সংগীতযাত্রার স্মৃতি।
শুরুর দিকে ব্যান্ডটির নাম ছিল ‘ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’। তখন মূলত জনপ্রিয় বিদেশি গান পরিবেশন করত দলটি। ধীরে ধীরে বাড়তে থাকে পরিচিতি। একপর্যায়ে ঢাকার তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে নিয়মিত গান পরিবেশনের আমন্ত্রণ পায় ব্যান্ডটি। ১৯৮৭ সাল পর্যন্ত সপ্তাহে তিন দিন সেখানে সংগীত পরিবেশন করতেন সদস্যরা।
এ সময়ের মধ্যে কয়েকজন সদস্য বিদেশে চলে গেলে দলে যুক্ত হন পিয়ারু খান ও মাকসুদুল হক। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের দিকে ব্যান্ডের নাম থেকে ‘টোয়েন্টিয়েথ সেঞ্চুরি’ অংশটি বাদ পড়ে। এরপর থেকে ‘ফিডব্যাক’ নামেই পরিচিতি পায় দলটি।
আশির দশকের মাঝামাঝি সময়ে ফোক, পপ ও আধুনিক রকের মিশেলে নিজস্ব সংগীতধারা গড়ে তোলে ফিডব্যাক। এর মধ্য দিয়ে বাংলা ব্যান্ড সংগীতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করে দলটি। জনপ্রিয় গান, পরিবেশনার ধরন ও দীর্ঘ পথচলার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফিডব্যাক।

বর্তমানে ফিডব্যাকে যারা
বর্তমানে ফিডব্যাকের সদস্য হিসেবে রয়েছেন লাবু রহমান (গিটার ও ভোকাল), এনাম এলাহি টন্টি (ড্রামস ও পারকাশন), রায়হান হাসান (ভোকাল ও অ্যাকুস্টিক গিটার), ফুয়াদ নাসের বাবু (কি-বোর্ড), মোহাম্মদ দানেশ (বেজ গিটার) ও রবিউল আলম রিয়েল (ভোকাল)।
পাঁচ দশকের এই মাইলফলকে পৌঁছে ফিডব্যাকের লক্ষ্য পুরোনো ও নতুন প্রজন্মের শ্রোতাদের একই সংগীতের বন্ধনে যুক্ত করা। বছরজুড়ে কনসার্ট ও জনপ্রিয় গানগুলোর নতুন পরিবেশনার মধ্য দিয়ে সেই উদ্যাপনকে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চায় ব্যান্ডটি।







