মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে ৩৯ বছর বয়সে মারা গেছেন তিনি। গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তুলনার মৃত্যুর খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে তাঁকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ২০ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়। তত দিনে ক্যানসার তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল বলে জানতে পারেন চিকিৎসকেরা।

তুলনার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে তাঁর মা আমেনা বেগম প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পরের দুই দিন তুলনা শারীরিকভাবে বেশ ভালো ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, হাসিখুশিও ছিলেন। তবে গতকাল সকাল থেকে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে হার্ট অ্যাটাক হলে রাত ১১টায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় পরিচিত মুখ
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মধ্য দিয়ে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন এই শিল্পী।
কর্মজীবনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তুলনা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করছেন সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা।
তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তাঁর বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন। তুলনারা দুই ভাই ও দুই বোন।







