ভয় সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না। কখনো তা দেখা দেয় পরিচিত কোনো মুখে। কখনো নিঃশব্দ চাহনিতে। আবার কখনো আয়নার ওপাশে দাঁড়িয়ে থাকা অচেনা ছায়ায়। রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। টিজার যেন সেই ভয় ও রহস্যেরই আভাস দিয়েছে। মৃত্যু, কালোজাদু ও অশুভ শক্তির ইঙ্গিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে টিজারটি। প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে।
‘আন্ধার’ সিনেমার টিজারে রহস্য
এক মিনিট ২৬ সেকেন্ডের ‘আন্ধার’ সিনেমার টিজার-এ গল্পের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রহস্যময় আবহ। শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীর দিকে ধীরে ধীরে এগিয়ে আসে একটি ভয়ংকর হাত। এরপর দেখা যায় বাথটাবে পড়ে থাকা প্রাণহীন দেহ, রক্তমাখা হাত এবং অন্ধকার জঙ্গলের কিছু অস্বস্তিকর দৃশ্য।
টিজারে রয়েছে কালোজাদুর নানা আচারও। গম্ভীর আবহসংগীতের সঙ্গে এসব দৃশ্য তৈরি করেছে ভীতিকর পরিবেশ। তবে গল্পের মূল রহস্য এখনো প্রকাশ করেননি নির্মাতা। বরং প্রতিটি দৃশ্য দর্শকদের সামনে নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে।

নাজিফা তুষির চরিত্রে নতুন রহস্য
‘আন্ধার’ এ নাজিফা তুষিকে দেখা গেছে রহস্যময় এক নারীর চরিত্রে। কোনো অশুভ শক্তির নজরে পড়ার পর তার জীবন বদলে যেতে শুরু করে টিজারের কয়েকটি দৃশ্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
তবে তার চরিত্রের পরিচয় কিংবা তার জীবনে ঘটে যাওয়া ঘটনার কারণ স্পষ্ট করা হয়নি। ফলে নাজিফা তুষির চরিত্রটি গল্পের ঠিক কোন জায়গায় রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।

‘আন্ধার’ সিনেমার টিজার-এর অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদ। কখনো তাকে দেখা গেছে লাশের সামনে চিন্তিত অবস্থায়। আবার কখনো হাজির হয়েছেন অ্যাকশন দৃশ্যে। কিন্তু তার চরিত্রটি নায়ক নাকি গল্পের অন্য কোনো গুরুত্বপূর্ণ পক্ষের প্রতিনিধি, সে বিষয়ে টিজার কোনো পরিষ্কার উত্তর দেয়নি।
নীল চোখে সিয়ামের রহস্য
সবচেয়ে বেশি রহস্য তৈরি করেছে সিয়ামের নীল চোখ। টিজারের শেষদিকে তার জ্বলজ্বলে নীল চোখের ক্লোজআপ দর্শকদের নজর কেড়েছে। মাত্র কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই এখন আলোচনার বড় বিষয়। সিয়ামের চোখের এই পরিবর্তনের সঙ্গে গল্পের রহস্যের কী সম্পর্ক, সেটিই এখন জানার অপেক্ষা।
টিজারে অল্প সময়ের জন্য দেখা গেছে চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতকেও। তবে তাদের উপস্থিতি গল্পের রহস্য উন্মোচন করেনি। বরং চরিত্রগুলো নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।
গল্পে কে নায়ক, কে খলনায়ক সেটিও এখন পরিষ্কার নয়। এমনকি প্রচলিত নায়ক-খলনায়কের বিভাজন আদৌ থাকবে কি না, সেই প্রশ্নও রেখে দিয়েছে টিজার।
শুরু থেকেই ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। সিনেমাটির পোস্টার প্রকাশের পর অভিনয়শিল্পীদের লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। এরপর টিজারের অপেক্ষায় ছিলেন দর্শকরা। এবার টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।
শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী। আরও আছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ অনেকে।
বড় বাজেট ও বড় আয়োজনের এই সিনেমায় রহস্য, মৃত্যু, কালোজাদু এবং অশুভ শক্তির গল্পকে কীভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, সেটিই এখন দেখার বিষয়।
অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘আন্ধার’
টিজারের শেষেই জানানো হয়েছে, আগামী অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’। তবে মুক্তির আগেই সিনেমাটির টিজার দর্শকদের সামনে বেশ কিছু রহস্য তৈরি করেছে।
সিয়ামের নীল চোখের রহস্য কী? নাজিফা তুষির জীবনে কী ঘটেছে? কালোজাদুর সঙ্গে মৃত্যুর সম্পর্কই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি প্রেক্ষাগৃহে এলে।







