বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডস
রবিবার লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয়েছে ‘বাফটা টিভি অ্যাওয়ার্ডস ২০২৬’। নেটফ্লিক্সের আলোচিত ড্রামা অ্যাডোলেসেন্স বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়েছে। অন্যদিকে দ্য সেলিব্রিটি ট্রেইটরস এবং লাস্ট ওয়ান লাফিং-অনুষ্ঠান দুটিও পুরস্কার জিতেছে। পুরস্কার জিতেছে ইরানী অভিনেত্রী নার্গেস রাশিদি ও গাজা নিয়ে নির্মিত তথ্যচিত্র।
৪টি পুরস্কার
বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডসে সর্বমোট ৪টি পুরস্কার জিতেছে অ্যাডোলেসেন্স। এটি এখন এক বছরে বাফটা টিভি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পুরস্কার জয়ের নতুন রেকর্ড। সেরা লিমিটেড সিরিজ বিভাগে সেরার পুরস্কার জিতেছে ‘অ্যাডোলেসেন্স’। সেরা অভিনেতা হয়েছেন একই সিরিজের স্টিফেন গ্রাহাম, সেরা পার্শ্ব-অভিনেতা ওয়েন কুপার ও সেরা পার্শ্ব-অভিনেত্রী ক্রিস্টিন ট্রেমারকো। মোট চারটি পুরস্কারই এসেছে অ্যাডোলেসেন্স থেকে।
২০২৫ সালের মার্চে মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় ড্রামাটি। এক সহপাঠী কিশোরীকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক কিশোরের চরিত্রে অভিনয় করেন ওয়েন কুপার। তিনি মাত্র ১৬ বছর বয়সে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে এই বিভাগে সর্বকনিষ্ঠ বিজয়ীর রেকর্ড গড়েছেন।

ওয়েন ইতোমধ্যেই এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, ন্যাশনাল টেলিভিশন অ্যাওয়ার্ডস, রয়্যাল টেলিভিশন সোসাইটি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার জিতেছেন। এবার তার তালিকায় যোগ হলো বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডস।
সফলতার তিন সূত্র
ওয়েন পুরস্কার গ্রহণের বক্তব্যে রকব্যান্ড ‘দ্য বিটলস’-এর প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “জন লেননের ভাষায় বলতে হয়, কল্পনা করার মতো দৃষ্টিভঙ্গি না থাকলে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।”
ওয়েন বলেন, “ তাই আমার মতে সফল হতে হলে তিনটি জিনিস দরকার-এক, প্রবল একাগ্রতা; দুই, একটি স্বপ্ন; আর তিন, দ্য বিটলস।”
সাতবার মনোনয়ন, প্রথম বাফটা
বাফটা টিভি অ্যাওয়ার্ডসে স্টিফেন গ্রাহাম সেরা প্রধান অভিনেতার পুরস্কার জিতেছেন। তিনি অ্যাডোলেসেন্স-এ ওয়েন কুপারের অনস্ক্রিন বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এটি ছিল স্টিফেন গ্রাহামের প্রথম বাফটা জয়; এর আগে তিনি সাতবার মনোনয়ন পেয়েছিলেন।

এই জয়ের পর তিনি তাঁর বক্তব্যে তরুণদের অভিনয়ে উৎসাহ দেন এবং বলেন, মানুষের জীবনের গল্প বলা আমাদের দায়িত্ব। তিনি বলেন, “আমরা গর্ত খুঁড়ছি না, নালা বানাচ্ছি না, কিংবা সরাসরি জীবন বাঁচাচ্ছি না। কিন্তু মানুষের জীবনকে গল্পে তুলে ধরার সুযোগ আমাদের আছে। সুন্দর গল্প বলার দায়িত্বও আমাদের, এবং সেটা আমাদের চালিয়ে যেতে হবে।”
তিনি শেষে দ্য বিটলস-এর কথা উল্লেখ করে বলেন, “আমাদের শুধু ভালোবাসাই প্রয়োজন।”
অন্যদিকে ক্রিস্টিন ট্রেমারকো সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যাডোলেসেন্স-এ ওয়েনের মায়ের চরিত্রে অভিনয়ের জন্য।
নার্গেস রাশিদি পুরস্কার জিতলেন
সেরা প্রধান অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নার্গেস রাশিদি। নার্গেস রাশিদি ইরানে জন্মগ্রহণ করেছেন। বিবিসি ওয়ান-এর বাস্তব জীবন অবলম্বনে নির্মিত নাটক ‘প্রিজনার ৯৫১’-এ নাজানিন জাগারি-র্যাটক্লিফ চরিত্রে অভিনয়ের জন্য এই সেরার পুরস্কার জিতেছেন নার্গেস রাশিদি।

রাশিদি এই পুরস্কারটি তেহরানে ছয় বছর কারারুদ্ধ থাকা ব্রিটিশ-ইরানি নারী নাজানিন জাগারি-র্যাটক্লিফ এবং তার পরিবারকে উৎসর্গ করেন। অনুষ্ঠানে তিনি নাজানিন জাগারি-র্যাটক্লিফকে উদ্দেশ্য করে বলেন, “অসম্ভব পরিস্থিতিতেও আপনার সহনশীলতা, আপনার মর্যাদা, আপনার ভালোবাসা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আপনার সাহস আমার সারাজীবন মনে থাকবে। এই পুরস্কারটি আপনার জন্য।”
সেরা ড্রামা
এদিকে, সেরা ড্রামার পুরস্কার পেয়েছে কোড অব সাইলেন্স। রোজ আইলিং-এলিস একজন শ্রবণপ্রতিবন্ধী নারী চরিত্রে অভিনয় করেছেন এই সিরিজে।
দ্য সেলিব্রিটি ট্রেইটরস জয়
‘দ্য সেলিব্রিটি ট্রেইটরস’ ছিলো গত বছরের সবচেয়ে বেশি দেখা রিয়েলিটি শো অনুষ্ঠান। এটি এবার সেরা রিয়েলিটি প্রোগ্রাম পুরস্কার জিতেছে। ‘দ্য সেলিব্রিটি ট্রেইটরস’-এর তারকা পালোমা ফেইথ, অ্যালান কার এবং উপস্থাপিকা ক্লডিয়া উইঙ্কলম্যান সেরা রিয়েলিটি শো-এর পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার পাওয়ার পর অ্যালান কার মজা করে বলেন, “আমি কি সত্যিই ভালো ছিলাম, নাকি অন্যরা খুবই বোকা ছিল?”
সেরা বিনোদনমূলক শো
এদিকে, লাস্ট ওয়ান লাফিং সেরা বিনোদনমূলক শো-এর পুরস্কার জিতেছে। এই শো-টি ‘দ্য গ্রাহাম নর্টন শো’, মাইকেল ম্যাকইনটায়ারের বিগ শো এবং উড আই লাই টু ইউ?-কে হারিয়ে এই পুরস্কার জিতেছে। একইসাথে বব মর্টিমার সেরা বিনোদনমূলক পারফরম্যান্স পুরস্কার জিতেছেন।
স্টিভ কুগান ও অ্যালান পার্ট্রিজ
হাউ আর ইউ? ইটস অ্যালান (পার্ট্রিজ)-এ অভিনয়ের জন্য সেরা কমেডি অভিনেতা হয়েছেন স্টিভ কুগান। পুরস্কার পাওয়ার পর স্টিভ কুগান বলেন, “এই কঠিন সময়ে কমেডি করাটা খুবই গুরুত্বপূর্ণ। এত বছর পর মানুষকে হাসাতে পারাটা একটা বিশেষ সৌভাগ্য।”

তিনি আরও বলেন, “আমি এটা করতেই থাকব। যদি কেউ জানতে চায় অ্যালান পার্ট্রিজ কখন মারা যাবে, তাহলে সেটা প্রায় সেই সময়েই হবে যখন আমি মারা যাব।”
ক্যাথরিন পার্কিনসন
পারিবারিক সিটকম ‘হিয়ার উই গো’-তে মা র্যাচেলের চরিত্রে অভিনয়ের জন্য ক্যাথরিন পার্কিনসন সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এই বিভাগে তার প্রতিযোগীদের মধ্যে ছিলেন অ্যামান্ডাল্যান্ডের তিন তারকা (লুসি পাঞ্চ, ফিলিপা ডান ও জেনিফার সন্ডার্স), সেইসাথে ডায়ান মরগান ও রোজি জোন্স।

অ্যামান্ডাল্যান্ড সেরা স্ক্রিপ্টেড কমেডি জিতেছে। এর নির্মাতা হলি ওয়ালশ বলেন, নতুন করে শুরু করা কঠিন, কিন্তু এই জয় সেই মানুষদের জন্য যারা নতুনভাবে শুরু করছেন।
গাজা ডকুমেন্টারি বিতর্ক
‘সেরা কারেন্ট অ্যাফেয়ার্স’ পুরস্কার জিতেছে “গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক” যা বিবিসি সম্প্রচার থেকে সরিয়ে দিয়েছিল এবং পরে চ্যানেল ৪-এ প্রচারিত হয়।
তথ্যচিত্রটির প্রতিবেদক ও প্রযোজক, রামিতা নাভাই, দর্শকদের বলেন,”এই পুরস্কারটি আমাদের কাছে অনেক মূল্যবান।” এরপর তিনি গাজায় নিহত নারী, শিশু এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা নিয়ে কথা বলেন। তিনি আরো বলেন, ‘এগুলো আমাদের সংস্থার অনুসন্ধান, যা বিবিসি দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা চুপ করিয়ে দেওয়া বা সেন্সর করার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি এবং আমরা চ্যানেল ৪-কে ধন্যবাদ জানাই।”
‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’ তথ্যচিত্রটির নেপথ্যে থাকা বেসমেন্ট ফিল্মসের প্রতিষ্ঠাতা বেন ডি পেয়ার বলেন বিবিসির কাছে আমার একটি প্রশ্ন আছে, ‘যেহেতু আপনারা আমাদের চলচ্চিত্রটি বাদ দিয়েছেন, তাহলে আজ রাতে বাফটা প্রদর্শনী থেকেও কি আমাদের বাদ দেবেন?’ তিনি গাজায় কর্মরত সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।
বিবিসি যখন তথ্যচিত্রটি বাতিল করে, তখন এক বিবৃতিতে তারা জানায়,’মধ্যপ্রাচ্যের সংঘাতের সমস্ত দিক নিরপেক্ষ ও ন্যায্যভাবে তুলে ধরতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।’
সেরা ডকুমেন্টারি
২০১৭ সালের গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে নিহত ৭২ জন মানুষের উপর নির্মিত নেটফ্লিক্সের ‘গ্রেনফেল: আনকাভার্ড’ সেরা একক তথ্যচিত্রের পুরস্কার জিতেছে। অন্যদিকে, ইস্টএন্ডারস সেরা সোপ, স্ক্যাম ইন্টারসেপ্টরস সেরা ডে-টাইম শো এবং গো ব্যাক টু হেয়ার ইউ কেইম ফ্রম ফ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট পুরস্কার জিতেছে।


