১০০তম অস্কার
শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর আগে অনুষ্ঠিত হবে একাডেমী অ্যাওয়ার্ডসের ৯৯তম আসর। ৯৯তম অস্কার এবং ঐতিহাসিক শতবর্ষ উদযাপনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে আয়োজনটিকে আরো প্রাণবন্ত করে তোলা হয়েছে। একাডেমী অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত ২০২৭ এবং ২০২৮ সালের ৯৯তম ও ১০০তম অস্কার অনুষ্ঠান অস্কারের দীর্ঘদিনের পরিবেশক এবিসি-তে সম্প্রচারিত হবে। এর পরের বছর থেকে এবিসির পরিবর্তে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে ইউটিউবে।
৯৯তম অস্কার অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ই মার্চ, রবিবার এবং এর পরে ২০২৮ সালের ৫ই মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে ১০০তম অস্কার। উভয় অনুষ্ঠানই এবিসি-তে সন্ধ্যা ৭টায় (ইটি) ওভেশন হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বব্যাপী ২০০টিরও বেশি অঞ্চলে সরাসরি সম্প্রচারিত হবে। একাডেমি সম্প্রতি আরও ঘোষণা করেছে যে, ২০২৯ সাল থেকে অস্কারের অনুষ্ঠানস্থল ডলবি থিয়েটার থেকে পিকক থিয়েটারে স্থানান্তরিত হবে এবং ২০৩৯ সাল পর্যন্ত সেখানেই অনুষ্ঠানটি আয়োজিত হবে।
এবিসিতে গ্র্যামি অ্যাওয়ার্ডস
২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকে এবিসি ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর পরিবেশক হিসেবে তাদের প্রথম পরিবেশনা করবেন। এই সম্প্রচারের মাধ্যমে, সিবিএস-এর সাথের দীর্ঘ ৫৪ বছরের অংশীদারিত্বের অবসান ঘটতে যাচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর। ২০৩৬ সাল পর্যন্ত ১০-বছরের এই চুক্তির অধীনে এবিসি ছাড়াও হুলু এবং ডিজনি+ এও স্ট্রিম করা হবে অনুষ্ঠানটি। এছাড়াও এবিসি ১৪ই ফেব্রুয়ারি সুপার বোল LXI সম্প্রচার করতে চলেছে, যা ২০০৬ সালের পর এই প্রথম এনএফএল চ্যাম্পিয়নশিপ গেমের সম্প্রচার।
এই বছর একাডেমী অ্যাওয়ার্ডসের সম্প্রচারে এবিসি এবং হুলু প্লাটফর্ম জুড়ে ১ কোটি ৭৮ লক্ষ ৬০ হাজার দর্শক দেখেছে। এই সংখ্যাটি গত বছরের ১ কোটি ৯৭ লক্ষ দর্শকের তুলনায় ৯% কম, যা এই অনুষ্ঠানের জন্য গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
আসন্ন অস্কারে রায়ান গসলিং অভিনীত স্পেস ড্রামেডি “প্রজেক্ট হেইল মেরি” এবং টিমোথি শ্যালামে-জেনডায়া অভিনীত ডেনিস ভিলেনিউভের “ডুন: পার্ট থ্রি” এবং টম ক্রুজ অভিনীত আলেহান্দ্রো জি. ইনারিতুর “ডিগার”-এর চলচ্চিত্রগুলো প্রতিযোগীদের তালিকার মধ্যে আছে যা ইতিমধ্যেই ব্যাপক আলোচনায়। তবে এখনও পর্যন্ত আসন্ন এই দুই অনুষ্ঠানের কোন সঞ্চালকের নাম ঘোষণা করা হয়নি।
২০২৬–২০২৭ অস্কারের গুরুত্বপূর্ণ তারিখ
আসন্ন ২০২৬–২০২৭ অস্কার মৌসুমের গুরুত্বপূর্ণ তারিখগুলো ঘোষণা করেছে একাডেমী অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
যোগ্যতা অর্জনের সময়কাল শুরু: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
সাধারণ এন্ট্রি বিভাগ, অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র, সেরা চলচ্চিত্র এবং RAISE ফর্ম জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গভর্নরস অ্যাওয়ার্ডস: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিক ভোটগ্রহণ শুরু (সকাল ৯টা, পিটি): সোমবার, ৭ ডিসেম্বর ২০২৬
প্রাথমিক ভোটগ্রহণ শেষ (বিকেল ৫টা, পিটি): শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২৬
অস্কারের শর্টলিস্ট ঘোষণা: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২৬
যোগ্যতা অর্জনের সময়কাল শেষ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২৬
মনোনয়ন ভোটগ্রহণ শুরু (সকাল ৯টা, পিটি): সোমবার, ১১ জানুয়ারি ২০২৭
মনোনয়ন ভোটগ্রহণ শেষ (বিকেল ৫টা, পিটি): শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২৭
অস্কার মনোনয়ন ঘোষণা: বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২৭
অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৭
চূড়ান্ত ভোটগ্রহণ শুরু (সকাল ৯টা, পিটি): বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৭
চূড়ান্ত ভোটগ্রহণ শেষ (বিকেল ৫টা, পিটি): বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২৭
৯৯তম অস্কার অনুষ্ঠান: রবিবার, ১৪ মার্চ ২০২৭
১০০তম অস্কার: রবিবার, ৫ মার্চ, ২০২৮


