বিজয় থালাপতি
দুঃখ যেন পিছুই ছাড়ছে না দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের। ২৭ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম ছেড়ে যাচ্ছেন তাঁকে। বিবাহ বিচ্ছেদের পথে এই জুটি। এনডিটিভি বলছে, সংগীতা স্বর্ণালিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। তিনি এই বিবাহ বিচ্ছেদে বদ্ধপরিকর। কারণ হিসেবে জানা গেছে, সংগীতার অভিযোগ বিবাহবহির্ভূত সম্পর্কে থালাপতি বিজয় যার কারণেই তিনি বিচ্ছেদ চান।
বিবাহবিচ্ছেদের পর সংগীতাকে ২৫০ কোটি রুপি খোরপোশ দিতে পারেন বিজয়। ইন্ডিয়াগ্লিটজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ মেটাতে বিজয় ২৫০ কোটি রুপি খোরপোশ দেওয়ার পরিকল্পনা করছেন। যদিও এই অঙ্ক বা সমঝোতা, কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অর্থ সংগীতা ও তাঁদের দুই সন্তান তথা জেসন সঞ্জয় ও দিব্যা শাশার জন্য বরাদ্দ থাকতে পারে। তবে কীভাবে বণ্টন হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা যেদিন ফাঁস হল
সম্প্রতি সংগীতার করা একটি বিবাহবিচ্ছেদের আবেদনপত্রের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে উঠে এসেছে যে, ২০২১ সালের এপ্রিল মাসে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের সম্পর্কের বিষয়টি তিনি প্রথম জানতে পারেন।
সংগীতার দাবি, বিজয় সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও তা নাকি বজায় রাখেননি। ফলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এমনকি ব্যক্তিগত স্বাধীনতা ও আর্থিক নিরাপত্তা নিয়েও তিনি সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

আবেদনপত্রে আরও বলা হয়েছে, ওই অভিনেত্রীর সঙ্গে বিজয়ের প্রকাশ্য উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ, ঘনিষ্ঠতা- এসব কারণে সংগীতা ও সন্তানেরা অপমানিত বোধ করেছেন।
বিজয়ভক্ত সঙ্গীতা
বছরটা ছিল ১৯৯৬, যুক্তরাজ্যে বেড়ে ওঠা শ্রীলঙ্কান তামিলকন্যা সঙ্গীতা, চেন্নাই উড়ে এসেছিলেন বিজয়ের সাথে দেখা করতে। বিজয়ের অনেক বড়ভক্ত ছিলেন তিনি এবং তাঁর সাফল্যে তাকে অভিনন্দন জানাতে এসেছিলেন সঙ্গীতা।
বিজয় তার প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সঙ্গীতাকে বাড়িতে নিয়ে যান এবং তাঁর বাবা-মায়ের সাথে পরিচয় করিয়ে দেন। অবশেষে বিজয়ের বাবা-মা বিয়ের প্রস্তাবটি পাঠিয়েছেন। এটি ছিলো ১৯৯৬-১৯৯৯ সালের মধ্যকার ঘটনা। এরপর ১৯৯৯ সালের ২৫ আগস্ট বিজয় ও সংগীতার বিয়ে হয়। সংগীতা ধর্মে খ্রিস্টান, বিজয় হিন্দু। দীর্ঘ এই দুই দশকের বেশি সময়ের সংসারে তাঁদের রয়েছে দুই সন্তান। ছেলে জেসন সঞ্জয় শিগগিরই তামিল সিনেমায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
২০২৫ সাল থেকেই এই সন্দেহ প্রবল হতে থাকে যখন, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর প্রধান রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে সঙ্গীতার অনুপস্থিতি ছিলো। এমনকি দ্বিতীয় রাজ্য সম্মেলনেও ছিলেন না সঙ্গীতা। তখন নেটিজেনরা বিবাহবহির্ভূত সম্পর্কে থালাপতি বিজয়-এর জড়ানোকে এর সাথে মিলিয়ে দেখা শুরু করেন আর গুঞ্জন উঠতে থাকে।


