Monday, November 16, 2026

দোভাষীর ছদ্মবেশে গুপ্তচর – আলোচনায় ‘১০০ ডেজ অব ডিসেপশন’

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

জাপানি শাসনামলের কোরিয়া। একদিকে স্বাধীনতার জন্য লড়াই, অন্যদিকে গোপন তথ্য সংগ্রহ ও পাল্টাপাল্টি ষড়যন্ত্র। এমন প্রেক্ষাপটে নির্মিত কোরীয় ধারাবাহিক ‘১০০ ডেজ অব ডিসেপশন’ দর্শকদের নজর কেড়েছে। তবে এর গল্পে শুধু দেশপ্রেম বা স্বাধীনতার লড়াই নয়, গুরুত্ব পেয়েছে ব্যক্তিগত স্বার্থ, পরিচয়ের সংকট, ভালোবাসা ও বেঁচে থাকার সংগ্রাম। প্রচলিত ঐতিহাসিক গুপ্তচর বৃত্তির গল্প থেকে কিছুটা আলাদা এই ধারাবাহিকের দর্শকসংখ্যাও বাড়ছে দ্রুত।

গত রোববার প্রচারিত দশম পর্বটি দক্ষিণ কোরিয়ায় ১০ দশমিক ৭ শতাংশ দর্শক রেটিং পেয়েছে। নিলসেন কোরিয়ার হিসাবে, প্রথম পর্বে এই হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ সম্প্রচারের শুরু থেকে দর্শক রেটিং দ্বিগুণের বেশি হয়েছে। বিশেষ করে অষ্টম পর্বের পর থেকে ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়তে শুরু করে।

দোভাষীর ছদ্মবেশে গুপ্তচর - আলোচনায় ‘১০০ ডেজ অব ডিসেপশন’

গল্পের কেন্দ্রীয় চরিত্র লি গা-কিয়ং। অভিনয় করেছেন কিম ইউ-জং। ছোটবেলায় পকেটমারি করে জীবন চালানো গা-কিয়ং এক মার্কিন ধর্মপ্রচারকের বাড়িতে গৃহকর্মীর কাজ করার সময় ইংরেজি শেখেন। তার একটাই স্বপ্ন যেকোনো ভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। এ জন্য অর্থ জোগাড় করতে স্বাধীনতাকামী সংগঠন ‘গুকগুদান’-এর সঙ্গে কাজ করতে রাজি হন তিনি। সংগঠনটি তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

এরপর জাপানের গভর্নর জেনারেলের কার্যালয়ে প্রশিক্ষণার্থী দোভাষী হিসেবে যোগ দেন গা-কিয়ং। সেখানে তার কাজ গোপনে তথ্য সংগ্রহ করা। তবে এই মিশনে যোগ দেওয়ার পেছনে দেশপ্রেমের চেয়ে নিজের ভবিষ্যৎ নিরাপদ করার তাগিদই বেশি ছিল তার।

পরিচালক ইউ ইন-সিকের ভাষায়, গা-কিয়ং এমন একজন তরুণী, যিনি নিজের দেশ ছেড়ে অন্য কোথাও চলে যেতে চান। হতাশা থেকে তার মনে হয়েছে, এই দেশে থেকে তিনি কিছুই করতে পারবেন না। পরিচালকের মতে, চরিত্রটির এই মানসিকতাই ধারাবাহিকটিকে প্রচলিত ঐতিহাসিক গল্পের চেয়ে আলাদা করেছে।

গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র সাটো হিদেও। অভিনয় করেছেন পার্ক জিন-ইয়ং। তার প্রকৃত কোরীয় নাম কিম তে-উং। কোরীয় পরিবারে জন্ম হলেও জাপানের উপগভর্নর জেনারেল সাটো শিনিচির দত্তক সন্তান হিসেবে বেড়ে উঠেছেন তিনি। জাপানি পরিচয়ে বড় হওয়ায় নিজের শিকড় নিয়ে সব সময় দ্বিধায় থাকেন। একদিকে দত্তক বাবার স্বীকৃতি পাওয়ার চেষ্টা, অন্যদিকে নিজের কোরীয় পরিচয়ের প্রতি টান এই দুইয়ের মধ্যে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাকে।

ধারাবাহিকটির একটি আবেগঘন দৃশ্যে দেখা যায়, তার দত্তক বাবা সাটো শিনিচি একটি কোরীয় গ্রামে হত্যাযজ্ঞে অংশ নিয়েছিলেন এ কথা জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন হিদেও। তখন গা-কিয়ং তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘কাঁদবেন না, মিস্টার কিম তে-উং।’ তার গোপন রাখা কোরীয় নাম ধরে ডাকার এই মুহূর্তে দুজনের সম্পর্কের অন্য এক দিক প্রকাশ পায়। দীর্ঘদিনের ছদ্মবেশ ও প্রতারণার আড়ালেও যে সত্যিকারের অনুভূতি তৈরি হতে পারে, দৃশ্যটি তারই ইঙ্গিত দেয়।

দোভাষীর ছদ্মবেশে গুপ্তচর - আলোচনায় ‘১০০ ডেজ অব ডিসেপশন’

ধারাবাহিকটির প্রধান প্রযোজক জাং শিন-এ মনে করেন, গল্পে তরুণদের স্বাভাবিক জীবনযাপনের আকাঙ্ক্ষার সঙ্গে স্বাধীনতা আন্দোলনে যুক্ত বয়স্ক প্রজন্মের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। দুই প্রজন্মের ভিন্ন বাস্তবতা দর্শকদের কাছে গল্পটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

১৯৩২ সালের সিউলকে কেন্দ্র করে নির্মিত এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ দোভাষীর কাজ ও ভাষার ব্যবহার। এখানে ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, গুপ্তচরবৃত্তিরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। এক ভাষার কথার আড়ালে অন্য ভাষায় লুকিয়ে থাকা অর্থ কিংবা গোপন বার্তা গল্পে নতুন মাত্রা যোগ করেছে।

দোভাষীর ছদ্মবেশে গুপ্তচর - আলোচনায় ‘১০০ ডেজ অব ডিসেপশন’

চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলতে অভিনয় শিল্পীদের ভাষা শেখার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে নির্মাতা দল। জাপানি ভাষায় আগে কোনো অভিজ্ঞতা না থাকলেও সাটো শিনিচি চরিত্রে অভিনয়ের জন্য জিন সন-কিউ দুই মাস জাপানের কিয়োতোতে থেকে সংলাপ অনুশীলন করেছেন। জাপানি ভাষাভাষীর মতো কোরীয় ভাষায় কথা বলার ধরনও রপ্ত করেছেন তিনি। আবার চরিত্রের পটভূমি অনুযায়ী গা-কিয়ংয়ের সংলাপে মার্কিন ইংরেজি এবং তে-উংয়ের সংলাপে ব্রিটিশ ইংরেজি ব্যবহার করা হয়েছে।

১৬ পর্বের এই ধারাবাহিকের এখনো ছয়টি পর্ব বাকি। শেষের দিকে গা-কিয়ং ও তে-উংয়ের সম্পর্ক কীভাবে এগোয়, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। প্রধান প্রযোজক কওন বিয়ং-উক জানিয়েছেন, শুরুতে নিজেদের অনুভূতি লুকিয়ে রাখা এই দুই চরিত্র ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসবে।

গা-কিয়ং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না, কার ভাগ্যে কী ঘটবে, আর ইতিহাসের সেই অজানা সময়ের গল্প দর্শকদের মনে কতটা প্রভাব ফেলবে এসব প্রশ্নের উত্তর মিলবে বাকি পর্বগুলোতে।

Share

Read more

Local News