দক্ষিণ কোরিয়ার সংগীতাঙ্গনের অন্যতম বড় আয়োজন মেলন মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬-এর (এমএমএ) প্রথম রাতেই বড় দুটি পুরস্কার ঘরে তুলেছে কে-পপের জনপ্রিয় দুই দল বিটিএস ও এসপা। বিটিএসের ঝুলিতে গেছে বর্ষসেরা অ্যালবামের পুরস্কার। অন্যদিকে নতুন বিভাগে প্রথমবারের মতো ‘গ্লোবাল-কে আর্টিস্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে এসপা।
শনিবার (১৫ নভেম্বর) সিউলের গোচেওক স্কাই ডোমে বসে এবারের আসর। কাকাও এন্টারটেইনমেন্টের সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম মেলন আয়োজিত এই অনুষ্ঠানের ১৮তম আসর এবারই প্রথম দুই দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে যুক্ত হয়েছে নতুন কিছু পুরস্কার বিভাগ। এর মধ্যে রয়েছে গ্লোবাল-কে চার্টের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া সম্মাননা। গত জুনে চালু হওয়া এই চার্টে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের প্রধান সংগীত প্ল্যাটফর্মগুলোর তথ্য বিবেচনা করা হয়।

বিটিএস তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর জন্য পেয়েছে ‘কাকাওব্যাংক অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার। এ ছাড়া দলটি জিতেছে ‘স্টেজ অব দ্য ইয়ার’ ও ‘গ্লোবাল টপ ১০’ সম্মাননা। গত মার্চে প্রকাশিত ‘আরিরাং’ অ্যালবামটি সাত সদস্যের সামরিক দায়িত্ব শেষ করার পর বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম।
দলটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিকের ভাইস প্রেসিডেন্ট কিম হিউন-জুং পেয়েছেন ‘বেস্ট প্রডিউসার’ পুরস্কার। তবে বিশ্ব সফরে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি বিটিএসের সদস্যরা।

এদিকে এসএম এন্টারটেইনমেন্টের চার সদস্যের দল এসপা জিতেছে এবারের আসরের নতুন পুরস্কার ‘গ্লোবাল-কে আর্টিস্ট অব দ্য ইয়ার’। এশিয়ার সংগীত বাজারে কে-পপের প্রভাব ও জনপ্রিয়তা তুলে ধরার লক্ষ্যেই এই পুরস্কার চালু করা হয়েছে। একই অনুষ্ঠানে দলটি পেয়েছে ‘গ্লোবাল টপ ১০’ পুরস্কারও।
পুরস্কার হাতে পেয়ে এসপার সদস্য উইন্টার বলেন, ‘আমরা এমন শিল্পী হয়ে উঠতে চাই, যারা ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে পারে। কারণ এই ভালোবাসা কখনোই নিশ্চিত ধরে নেওয়ার বিষয় নয়।’ দলটির আত্মপ্রকাশের ষষ্ঠ বার্ষিকী সামনে রেখে তিনি এ কথা বলেন।
প্রথম রাতের আয়োজনে একাধিক পুরস্কার পেয়েছে আরও কয়েকটি কে-পপ দল। গার্ল গ্রুপ রিসিন ও হার্টসটু হার্টস তিনটি করে পুরস্কার জিতেছে। রাইজ, আতিজ ও আইওআই পেয়েছে দুটি করে পুরস্কার। আইওআই চলতি বছরের মে মাসে আত্মপ্রকাশের ১০ বছর পূর্তি উপলক্ষে আবার একত্র হয়েছিল।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম রাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১৮ হাজার দর্শক। রবিবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে বসবে দ্বিতীয় দিনের আসর। সেদিন ঘোষণা করা হবে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’, ‘সং অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ও ‘নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার’-এর মতো গুরুত্বপূর্ণ পুরস্কার। দ্বিতীয় দিনের মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে আইভি, এনসিটি ১২৭ ও কর্টিসসহ ১২টি সংগীত দলের।









