২০০৬ সালে প্রকাশিত হয়েছিল সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’। প্রকাশের পর অ্যালবামের গানগুলো শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। দুই দশক পর সেই অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বিশেষ কনসার্টে গাইবেন অর্ণব।
আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বসবে এই আয়োজন। কনসার্টে ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিনি।

অ্যালবামটির শিরোনাম গান ‘হোক কলরব’ সময়ের সঙ্গে আলাদা পরিচিতি পেয়েছে। প্রয়াত রাজীব আশরাফের লেখা গানটি ২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগানে পরিণত হয়। আন্দোলনের সময় শিক্ষার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘হোক কলরব’ কথাটি।
বিশেষ এই আয়োজনে অর্ণবের সঙ্গে মঞ্চে থাকবেন আরও তিন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক। টোয়েন্টিজ কমিউনিকেশন্সের আয়োজনে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে সেন্স ইট।
অ্যালবাম প্রকাশের দুই দশক পর একই মঞ্চে ‘হোক কলরব’-এর গানগুলো শোনার সুযোগ তৈরি হওয়ায় কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।









