Monday, November 16, 2026

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি – আলোচিত ৫ সিনেমা

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

গুপ্তচরবৃত্তির জগৎ মানেই গোপন অভিযান, ছদ্মবেশ, প্রতারণা আর নানা রকম কৌশল। এর মধ্যে অন্যতম হানিট্র্যাপ। প্রেম বা ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি করে প্রতিপক্ষের কাছ থেকে গোপন তথ্য আদায় কিংবা তাকে নির্দিষ্ট কাজে প্রলুব্ধ করার এই কৌশল বাস্তবের পাশাপাশি সিনেমার পর্দায়ও উঠে এসেছে বহুবার। সম্প্রতি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে হানিট্র্যাপ নিয়ে আলোচনা তৈরি করেছে। এমন ঘটনা হলিউডের গুপ্তচরবৃত্তিভিত্তিক সিনেমার গল্পকেও মনে করিয়ে দেয়। হানিট্র্যাপের কৌশল, প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত পাঁচটি আলোচিত সিনেমা সম্পর্কে জেনে নেওয়া যাক।

নটোরিয়াস (১৯৪৬)

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি - আলোচিত ৫ সিনেমা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রাজিলে আত্মগোপনে থাকা নাৎসি চক্রের বিরুদ্ধে একটি গোপন অভিযানে নামেন অ্যালিসিয়া হুবারম্যান। মার্কিন গোয়েন্দা সংস্থার হয়ে তার দায়িত্ব ছিল চক্রটির গুরুত্বপূর্ণ সদস্য আলেকজান্ডার সেবাস্তিয়ানের কাছাকাছি যাওয়া। এজন্য তাকে প্রেমের সম্পর্ক তৈরি করে একপর্যায়ে সেবাস্তিয়ানকে বিয়ে করতে হয়। কিন্তু মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে অ্যালিসিয়া নিজেই জটিল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গোয়েন্দা অভিযান, ব্যক্তিগত আবেগ ও ত্রিভুজ প্রেম মিলিয়ে গল্পটি এগিয়ে যায় অন্যদিকে।

সিনেমাটিতে অ্যালিসিয়া হুবারম্যান চরিত্রে অভিনয় করেছেন ইনগ্রিড বার্গম্যান। টি আর ডেভলিন ও আলেকজান্ডার সেবাস্তিয়ান চরিত্রে রয়েছেন যথাক্রমে ক্যারি গ্র্যান্ট ও ক্লড রেইনস। বিখ্যাত নির্মাতা আলফ্রেড হিচকক পরিচালিত সিনেমাটি ১৯৪৬ সালে মুক্তি পায়। প্রায় ১০ লাখ ডলার বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে আয় করে ২ কোটি ৪৫ লাখ ডলার।

ফ্রম রাশিয়া উইথ লাভ (১৯৬৩)

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি - আলোচিত ৫ সিনেমা

বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডকে নিয়ে নির্মিত সিনেমা ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’-এর গল্পেও রয়েছে হানিট্র্যাপের ফাঁদ। আন্তর্জাতিক অপরাধী সংগঠন স্পেক্টর তাদের এজেন্ট ড. নোর মৃত্যুর প্রতিশোধ নিতে জেমস বন্ডকে হত্যার পরিকল্পনা করে। সংগঠনটির পরিকল্পনাকারী ক্রনস্টিন এ জন্য একটি বিশেষ ফাঁদ তৈরি করেন। টোপ হিসেবে বেছে নেওয়া হয় ইস্তাম্বুলে সোভিয়েত কনস্যুলেটে কর্মরত ক্লার্ক তাতিয়ানা রোমানোভাকে। তার কাজ ছিল প্রেমের সম্পর্ক তৈরি করে জেমস বন্ডকে ফাঁদে ফেলা।

কিন্তু এই পরিকল্পনার মধ্যে জড়িয়ে পড়ে প্রেম, বিশ্বাস ও প্রতারণার নানা হিসাব। সিনেমাটি দেখায়, অভিজ্ঞ ও দক্ষ গুপ্তচরও কখনো কখনো পরিকল্পিত প্রলোভনের ফাঁদে পড়তে পারেন।

জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি। তাতিয়ানা রোমানোভা চরিত্রে ছিলেন ড্যানিয়েলা বিয়াঙ্কি এবং ক্রনস্টিনের ভূমিকায় অভিনয় করেছেন ভ্লাদেক শেবাল। টেরেন্স ইয়াং পরিচালিত সিনেমাটি ১৯৬৩ সালে মুক্তি পায়। প্রায় ২০ লাখ ডলার ব্যয়ে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে আয় করে ৭ কোটি ৯০ লাখ ডলার। এ সিনেমায় প্রথমবারের মতো ‘কিউ’ চরিত্রে অভিনয় করেন ডেসমন্ড লিউয়েলিন। পরে জেমস বন্ড সিরিজের আরও ১৬টি সিনেমায় একই চরিত্রে দেখা যায় তাকে।

এম. বাটারফ্লাই (১৯৯৩)

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি - আলোচিত ৫ সিনেমা

চীনের বেইজিংয়ে ফরাসি দূতাবাসে কূটনীতিক হিসেবে কাজ করেন রেনে গালিমার। সেখানে এক অপেরা পরিবেশনা দেখতে গিয়ে পরিচয় হয় সং লিউইংয়ের সঙ্গে। চীনা অপেরা শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হওয়ার পর ধীরে ধীরে তার প্রেমে পড়েন রেনে। কিন্তু এই সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল বড় ধরনের প্রতারণা। সং লিউইং আসলে একজন পুরুষ, যিনি নারী পরিচয়ে কূটনীতিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল রেনের কাছ থেকে রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করা।

ব্যক্তিগত ভালোবাসা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে কীভাবে একজন কূটনীতিককে দীর্ঘদিন প্রতারণার মধ্যে রাখা যায়, তা-ই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। রেনে গালিমার চরিত্রে অভিনয় করেছেন জেরেমি আইরনস। সং লিউইংয়ের ভূমিকায় রয়েছেন জন লোন। ডেভিড ক্রোনেনবার্গ পরিচালিত সিনেমাটি ১৯৯৩ সালের ১ অক্টোবর মুক্তি পায়। বাস্তব একটি গুপ্তচরবৃত্তির ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ছবিটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

লাস্ট, কশন (২০০৭)

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি - আলোচিত ৫ সিনেমা

দ্বিতীয় চীন-জাপান যুদ্ধের সময়ের গল্প নিয়ে নির্মিত ‘লাস্ট, কশন’। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য হংকংয়ে আসা তরুণী ওয়াং চিয়া চি একসময় একটি নাটকের দলে যোগ দেন। দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি জাপানপন্থী সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মিস্টার ই-কে হত্যার পরিকল্পনায় অংশ নেন। এ জন্য ওয়াংকে বেছে নেওয়া হয়। তাকে একজন ব্যবসায়ীর স্ত্রীর পরিচয়ে মিস্টার ই-এর সামাজিক পরিমণ্ডলে প্রবেশ করতে হয়। ধীরে ধীরে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন ওয়াং। কিন্তু পরিকল্পিত এই সম্পর্ক একসময় আবেগ ও দ্বন্দ্বের নতুন জটিলতা তৈরি করে।

সিনেমাটিতে ওয়াং চিয়া চি চরিত্রে অভিনয় করেছেন তাং ওয়ে। মিস্টার ই-এর ভূমিকায় রয়েছেন টনি লিউং চিউ-ওয়াই এবং কুং ইয়ামিন চরিত্রে অভিনয় করেছেন ওয়াং লিহোম। অ্যাং লি পরিচালিত সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়। প্রায় দেড় কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বজুড়ে আয় করে ৬ কোটি ৭১ লাখ ডলার। মুক্তির পর সিনেমাটির কিছু খোলামেলা দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এসব দৃশ্য ধারণ করতে ১১ দিন সময় লেগেছিল। যুক্তরাষ্ট্রে ছবিটি এনসি-১৭ রেটিং পেয়েছিল।

রেড স্প্যারো (২০১৮)

প্রেমের ফাঁদে গুপ্তচরবৃত্তি - আলোচিত ৫ সিনেমা

রাশিয়ার প্রতিভাবান ব্যালে নৃত্যশিল্পী ডমিনিকা এগোরোভার জীবন বদলে যায় একটি দুর্ঘটনার পর। নাচের ক্যারিয়ার শেষ হয়ে গেলে অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়ে বিপাকে পড়েন তিনি। একপর্যায়ে তাকে রাশিয়ার একটি গোপন গোয়েন্দা কর্মসূচিতে যোগ দিতে বাধ্য করা হয়। সেখানে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাকে ‘স্প্যারো’ হিসেবে তৈরি করা হয়। এই কর্মসূচিতে নারীদের আকর্ষণ ও ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে বিদেশি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহের প্রশিক্ষণ দেওয়া হয়।

ডমিনিকার প্রথম দিকের গুরুত্বপূর্ণ মিশন ছিল মস্কোতে কর্মরত সিআইএ এজেন্ট নেইট ন্যাশের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। তাকে প্রেমের ফাঁদে ফেলার দায়িত্ব দেওয়া হলেও মিশন এগোতে থাকলে ডমিনিকা নিজেই নানা ষড়যন্ত্র ও পাল্টা ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েন। একপর্যায়ে কে কাকে ব্যবহার করছে, তা বোঝাও কঠিন হয়ে ওঠে।

সিনেমাটিতে ডমিনিকা এগোরোভা চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। সিআইএ এজেন্ট নেইট ন্যাশের ভূমিকায় রয়েছেন জোয়েল এডগারটন। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটি ২০১৮ সালের মার্চে মুক্তি পায়। জেসন ম্যাথিউসের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলার বাজেটে তৈরি হয়। বিশ্বজুড়ে এর আয় ছিল ১৫ কোটি ১৬ লাখ ডলার।

Share

Read more

Local News