দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত মনির খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। ৪১ সদস্যের কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে সদস্য সচিবের দায়িত্ব। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিতে মনির খান কে রাখা হয়েছে ।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মনির খান। তিনি বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী ছিলেন এবং সেই সময় থেকেই বিএনপির সঙ্গে তার পথচলা শুরু। কর্মজীবনের ব্যস্ততা থাকলেও দলীয় কর্মকাণ্ড থেকে কখনো নিজেকে দূরে রাখেননি তিনি। বরং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি ছিল তার।
এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখেন তিনি। এসব দায়িত্ব পালনের সময় দলীয় সাংস্কৃতিক অঙ্গনকে সুসংগঠিত করতে তিনি সক্রিয় উদ্যোগ নেন। একই সঙ্গে দলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নিজ নিজ ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসন বিএনপির প্রার্থীর দৌড়ে ছিলেন মনির খান। কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি।
এদিকে কয়েক মাস আগেই লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক।