ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার আরও আটটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্ব প্রিমিয়ারের এক মাসের মধ্যেই এসব উৎসবে আমন্ত্রণ পেয়েছে রুবাইয়াত হোসাইন পরিচালিত সিনেমাটি।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি এই বিভাগে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
কোথায় কোথায় অংশ নিচ্ছে সিনেমাটি
ভেনিসের পর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেন্টারপিস বিভাগে অংশ নেয় ছবিটি। এবার কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে উৎসবটি।

এরপর ৯ থেকে ১৮ অক্টোবর স্পেনে বসবে ৫৮তম সিটজেস আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক চলচ্চিত্র উৎসর। এই উৎসবেও অংশ নেবে ছবিটি। পরে যুক্তরাজ্যের বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এ ছাড়া ফ্রান্সের লা রশ-সুর-ইয়োন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও যুক্তরাষ্ট্রের শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে সিনেমাটি। এরপর জাপানের টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ভিয়েনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নেবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রুবাইয়াত হোসাইনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘মেহেরজান’ (২০১১), ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫) ও ‘মেড ইন বাংলাদেশ’ (২০১৯)। ‘মেড ইন বাংলাদেশ’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার পান তিনি।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি সাধারণ বিউটি পার্লারে নিয়মিত যাতায়াত করা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক মাকে ঘিরে। সেখানে তাকে আরও ফর্সা, আরও ছিপছিপে এবং প্রচলিত সামাজিক প্রত্যাশা অনুযায়ী কনের মতো দেখতে হওয়ার জন্য এক ধরনের নীরব চাপের মুখোমুখি হতে হয়। ধীরে ধীরে তার শরীরকেও প্রায় একটি পণ্যের মতো বিবেচনা করা শুরু হয়।
ছবিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, ডেমার খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ এবং ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির প্রযোজনা অংশীদারদের যৌথ আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।









