এক মাসে তিনবার বোমা হামলার হুমকি, বাড়ির বাইরে গুলি চালানোর ছক নস্যাতের দাবি — এমন আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ বচ্চনের ছোট্ট একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এক্স-এ তিনি শুধু লিখেছেন, ‘বেঁচে গেলাম’। কোনো ব্যাখ্যা না থাকায় পোস্টটির সঙ্গে সাম্প্রতিক হুমকির সম্পর্ক আছে কি না, তা নিয়ে চলছে জল্পনা।
গত ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে দেওয়া পোস্টটিতে ছিল মাত্র দুটি শব্দ। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের অনেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ পোস্টটির অন্য অর্থ খুঁজছেন।

এর আগে অমিতাভের মুম্বাইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে গুলি চালানোর পরিকল্পনা নস্যাতের দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশের বিশেষ সেল গ্রেফতার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সন্দেহভাজন শুটারকে — পাঞ্জাবের জলন্ধরের বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তারন তারানের দীপক সিং ওরফে ডিপ। পুলিশের দাবি, তারা দুটি পৃথক হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন; একটি দিল্লির এক ব্যবসায়ীর ওপর, অন্যটি মুম্বাইয়ে অমিতাভের বাড়ির বাইরে।
অমিতাভের রহস্যময় পোস্ট নিয়ে জল্পনা
পুলিশের প্রাথমিক ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অমিতাভের নামে প্রচারিত একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। তবে ওই বক্তব্যের সত্যতা ও হামলার আসল উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি; অভিনেতা আগেই এমন বক্তব্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
হুমকির ই-মেইলগুলো এসেছে ধাপে ধাপে। ২৩ অক্টোবর প্রথম হুমকিতে মুম্বাইয়ের মেয়রের কার্যালয় ও ‘জলসা’য় হামলার কথা বলা হয়। ৬ নভেম্বর দ্বিতীয় ই-মেইলে জলসা, বোম্বে হাইকোর্ট ও বোম্বে স্টক এক্সচেঞ্জের নাম আসে। আর ১২ নভেম্বর তৃতীয় ই-মেইলে জলসা, মুম্বাই বিমানবন্দর, মেয়রের কার্যালয় ও কয়েকটি ব্যাংককে লক্ষ্যবস্তু করা হয়। তবে উল্লেখ করা কোনো স্থানেই তল্লাশিতে সন্দেহজনক কিছু পায়নি পুলিশ।
হুমকির পর অমিতাভের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ। জুহুর বাড়ি ‘জলসা’র সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে ব্যারিকেড।

এখনো নিশ্চিত নয়, গ্রেফতার দুই সন্দেহভাজনের সঙ্গে হুমকির ই-মেইলগুলোর সরাসরি যোগ আছে কি না। আর অমিতাভের ‘বেঁচে গেলাম’ পোস্টের অর্থও অজানাই রয়ে গেছে — তদন্ত এগোলে হয়তো ছবিটা পরিষ্কার হবে।









