৭ সিনেমা
আসন্ন ঈদ উৎসবকে কেন্দ্র করে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন ‘চ্যানেল আই’। ঈদে চ্যানেল আই’তে সাতটি সিনেমা প্রচারিত হবে। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমাগুলো।
ঈদুল আযহার আনন্দকে আরও রাঙিয়ে তুলতে চ্যানেল আইতে প্রতিদিনই থাকছে ভিন্ন ভিন্ন সব আয়োজন। সেই আয়োজনের অংশ হিসেবে দেশের সিনেমাগুলো দর্শকদের সামনে তুলে ধরবে টিভি চ্যানেলটি।
নীল চক্র
জানা গেছে, ঈদের দিন প্রচার হবে সিনেমা ‘নীল চক্র’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাজিম উদ্দৌলা। পরিচালনা করেছেন মিজান খান। অভিনয় করেছেন আরেফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। এটি অনলাইন জগতে যুবক-যুবতীদের ব্যক্তিগত জীবন ফাঁস ও এর জটিলতা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
প্রিন্স
ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে সিনেমা ‘প্রিন্স; ওয়ানচ আপন এ টাইম ইন ঢাকা’। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময় কুন্ডু প্রমুখ। এতে ঢাকার ৯০ দশকের ক্যাডারভিত্তিক অপরাধ জগতের ছায়া প্রতিফলিত হয়েছে।
সাবা
ঈদের তৃতীয় দিন প্রচার হবে সিনেমা ‘সাবা’। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। এতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, সুমন পাটোয়ারী, অশোক বেপারী প্রমুখ। অসুস্থ ও শয্যাশয়ী মাকে নিয়ে মেয়ের সংগ্রামকে এই সিনেমায় তুলে ধরা হয়েছে।
টগর
ঈদের চতুর্থ দিন প্রচারিত হবে আদর আজাদ, পূজা চেরী ও রোজি সিদ্দিকী অভিনীত চলচ্চিত্র ‘টগর’। এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি।
জয়া আর শারমিন
ঈদের পঞ্চম দিন দেখা যাবে সিনেমা ‘জয়া আর শারমিন’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জয়া আহসান ও শারমিন। করোনাকালীন সময়ে দুইজন মানুষের কিভাবে সময় কেটেছে, দুজনের মধ্যকার বোঝাপড়া, বন্ধুত্ব, এসব কিছুই মুখ্য গল্প হিসেবে উঠে এসেছে।
বাড়ির নাম শাহানা
ঈদের ষষ্ঠ দিন দেখা যাবে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। চলচ্চিত্রটির রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয় করেছেন ইরেশ যাকের, আনান সিদ্দিকা, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ। নব্বই দশকের গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিবাহবিচ্ছেদের শিকার নারীর সামাজিক বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর ঘটনা নিয়েই সিনেমাটি নির্মিত।
শরতের জবা
ঈদের সপ্তম দিন প্রচারিত হবে ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, কুসুম শিকদার প্রমুখ। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একজন একাকী নারীকে কেন্দ্র করে, যার রহস্যময় জীবন, অতৃপ্ত প্রেম, মানসিক টানাপোড়েন এবং তার সাথে জড়িয়ে থাকা কিছু অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে।


