মারা গেলেন ‘ফার্স্ট চয়েস’-এর গায়িকা রোচেল ফ্লেমিং। সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া। সত্তরের দশকের জনপ্রিয় আরঅ্যান্ডবি গার্ল গ্রুপটির প্রতিষ্ঠাতা ও প্রধান গায়িকা রোচেল ফ্লেমিং-ফিনি প্রয়াত হয়েছেন ৭২ বছর বয়সে।
গত ৫ নভেম্বর পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় তাঁর মৃত্যু হয়। রোচেলের ম্যানেজার জর্জ কোরেইরা গায়িকার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে একটি পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে ম্যানেজার লিখেছেন, ভারাক্রান্ত হৃদয়ে রোচেল ফ্লেমিং-ফিনির প্রয়াণের খবরটি জানাচ্ছি। তিনি ছিলেন আরঅ্যান্ডবি গ্রুপ ফার্স্ট চয়েস-এর প্রতিষ্ঠাতা। তিনি পৃথিবীতে আলো, হাসি ও ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন বলেও লেখেন তিনি।
কে ছিলেন গায়িকা রোচেল ফ্লেমিং
তাঁর জীবন স্মরণ ও উদ্যাপন করতে শেষকৃত্যের অনুষ্ঠান পরবর্তীতে জানানো হবে বলে পোস্টে বলা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
হাইস্কুলে পড়ার সময় রোচেল, গেস্ট ও ওয়ার্ডেল পাইপার মিলে ‘ডেবোনেটস’ নামে গান গাওয়া শুরু করেন। পরবর্তীতে এই দলের নাম বদলে রাখা হয় ‘ফার্স্ট চয়েস’। সময়ের সঙ্গে দলে সদস্য বদল এলেও কণ্ঠে অপরিবর্তিত ছিলেন রোচেল।

১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘আর্মড অ্যান্ড এক্সট্রিমলি ডেঞ্জারাস’ গানটির মাধ্যমে সাফল্য পায় দলটি; গানটি বিলবোর্ড আরঅ্যান্ডবি চার্টে ১১ নম্বরে, হট ১০০-তে ২৮ নম্বরে এবং যুক্তরাজ্যে ১৯ নম্বরে পৌঁছেছিল। এ ছাড়া ‘স্মার্টি প্যান্টস’, ‘ডক্টর লাভ’ ও ক্ল্যাসিক ‘লেট নো ম্যান পুট অ্যাসান্ডার’ গানগুলো ডিস্কো যুগে দারুণ জনপ্রিয়তা পায়।
দীর্ঘ পথচলার পর ১৯৮০ সালে ভেঙে যায় ‘ফার্স্ট চয়েস’। তবে সুরেলা কণ্ঠ ও অনন্য পারফরম্যান্সের মাধ্যমে সংগীতপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন গায়িকা রোচেল ফ্লেমিং।









