Monday, November 9, 2026

ভেঙে যাওয়া বিয়ে আর ফিরে আসা নীলম কোঠারির গল্প

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

আশির দশকের বলিউডে যে কজন অভিনেত্রী অল্প সময়েই দর্শকের মন জয় করেছিলেন, নীলম কোঠারি তাঁদের অন্যতম। মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয় দিয়ে গোবিন্দর সঙ্গে তাঁর জুটি একসময় ছিল বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি। কিন্তু খ্যাতির শিখরে থেকেও তাঁর জীবনে এসেছে অভিনয় ছেড়ে দেওয়া, ভেঙে যাওয়া সংসার আর বিতর্কের ঝড়। আজ ৯ নভেম্বর তাঁর জন্মদিন। এই উপলক্ষে ফিরে দেখা যাক তাঁর জীবনের সেই উত্থান-পতনের গল্প।

১৯৬৯ সালের ৯ নভেম্বর হংকংয়ে জন্ম নীলমের। গুজরাটি জৈন পরিবারের সন্তান তিনি, মা পারসি। পরিবারের ব্যবসা ছিল হীরা ও গয়নার। শৈশব কেটেছে হংকংয়ে, পরে পরিবারের সঙ্গে চলে যান থাইল্যান্ডের ব্যাংককে। সিনেমায় অভিনয়ের কোনো পরিকল্পনাই ছিল না তাঁর। ছুটিতে মুম্বাই বেড়াতে এসে পরিচালক রমেশ বহেলের নজরে পড়েন তিনি। মাত্র ১৫ বছর বয়সে ১৯৮৪ সালে ‘জওয়ানি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন নীলম।

ভেঙে যাওয়া বিয়ে আর ফিরে আসা নীলম কোঠারির গল্প

১৯৮৬ সালে ‘ইলজাম’ ছবিতে নবাগত গোবিন্দর বিপরীতে অভিনয় করে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় নীলমের। এরপর ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ’, ‘সিন্দুর’, ‘হত্যা’, ‘তাকতওয়ার’সহ একের পর এক ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। বিভিন্ন সূত্রে তাঁদের একসঙ্গে অভিনীত ছবির সংখ্যা ১৪ বলে জানা যায়। চাঙ্কি পান্ডের সঙ্গেও কয়েকটি ছবিতে দেখা গেছে তাঁকে, আর অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছেন ‘অগ্নিপথ’ ও ‘ইন্দ্রজিৎ’ ছবিতে।

নাম বদলেও টেকেনি নীলমের প্রথম সংসার

পর্দার বাইরে নীলমের ব্যক্তিগত জীবনেও ছিল নানা টানাপোড়েন। ২০০০ সালে যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী ঋষি শেঠিয়াকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। অনেক বছর পর ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে তিনি জানান, বিয়ের পর তাঁকে পোশাকের ধরন বদলাতে, আমিষ খাবার ও মদ্যপান ছেড়ে দিতে বলা হয়েছিল। এমনকি নিজের নামও বদলে ফেলেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন, শুধু জীবনযাপন নয়, তাঁর নিজস্ব পরিচয়টাই বদলে ফেলার চেষ্টা চলছে।

একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে পরিচিত কেউ তাঁকে অভিনেত্রী নীলম হিসেবে চিনতে পারলেও নিজের পরিচয় অস্বীকার করতে হতো। বিষয়টি তাঁকে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট দিত। শেষ পর্যন্ত সেই বিয়ে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। বিচ্ছেদের পর প্রায় এক বছর কারও সঙ্গে দেখা করেননি, কথাও বলেননি। মানুষের নানা প্রশ্ন আর নিজের ব্যর্থতার অনুভূতি তাঁকে আচ্ছন্ন করে রেখেছিল। পরে ধীরে ধীরে সেই কঠিন সময় কাটিয়ে ওঠেন তিনি।

ভেঙে যাওয়া বিয়ে আর ফিরে আসা নীলম কোঠারির গল্প

পর্দায় গোবিন্দর সঙ্গে নীলমের রসায়ন এতটাই জনপ্রিয় ছিল যে তাঁদের বাস্তব জীবন নিয়েও শুরু হয় প্রেমের গুঞ্জন। গোবিন্দ একাধিকবার নীলমের প্রতি নিজের আকর্ষণের কথা বলেছেন, এমনকি একসময় তাঁকে বিয়ে করার কথাও ভেবেছিলেন। তবে নীলম বরাবরই এই গুঞ্জন অস্বীকার করেছেন। ২০২৪ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে সময় একসঙ্গে একাধিক ছবি করলেই অভিনেতা-অভিনেত্রীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে দেওয়া হতো। ২০২৬ সালের জানুয়ারিতেও তিনি স্পষ্ট জানান, অভিনেতা হিসেবে গোবিন্দকে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।

নীলমের জীবনের আরেক আলোচিত অধ্যায় ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা। ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে যোধপুরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে সালমান খান, সাইফ আলী খান, টাবু ও সোনালি বেন্দ্রের সঙ্গে তাঁর নামও জড়ায়। দীর্ঘ মামলার পর ২০১৮ সালে যোধপুরের আদালত সালমানকে দোষী সাব্যস্ত করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে নীলমসহ বাকিদের খালাস দেন। ২০২৫ সালে রাজস্থান সরকার সেই খালাসের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলে বিতর্কটি আবার আলোচনায় আসে।

২০১১ সালে অভিনেতা সমীর সোনিকে বিয়ে করেন নীলম। ২০১৩ সালে আহানা নামের একটি কন্যাশিশুকে দত্তক নেন তাঁরা। অন্যদিকে অভিনয় থেকে সরে যাওয়ার পর পরিবারের গয়নার ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। গয়নার ব্যবসায় প্রথম পাঁচ-ছয় বছর তাঁকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ক্রেতার আস্থা অর্জনে লেগেছে এক দশকের বেশি সময়। শেষ পর্যন্ত নিজের পরিশ্রমে গড়ে তোলেন ‘নীলম কোঠারি ফাইন জুয়েলস’।

দীর্ঘ বিরতির পর ২০২০ সালে নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে আবার আলোচনায় ফেরেন নীলম। এই সিরিজ তাঁকে নতুন প্রজন্মের দর্শকের কাছেও পরিচিত করে তোলে। পরে ‘ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস’ ও ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় মৌসুমেও দেখা গেছে তাঁকে। ভাঙা সংসার, হারানো খ্যাতি আর নানা বিতর্ক পেরিয়ে নিজের শর্তে ফিরে আসার এই গল্পই নীলম কোঠারিকে আলাদা করে চেনায়।

Share

Read more

Local News