Home সর্বশেষ সমালোচনার মুখে ‘মঙ্গল রং’ গানের পক্ষে যা বললেন আরমান মালিক

সমালোচনার মুখে ‘মঙ্গল রং’ গানের পক্ষে যা বললেন আরমান মালিক

সমালোচনার মুখে ‘মঙ্গল রং’ গানের পক্ষে যা বললেন আরমান মালিক

‘রামায়ণ’ সিনেমার ‘মঙ্গল রং’ গান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। গানটিতে সুফি-কাওয়ালি সংগীতের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক শ্রোতা। তাঁদের মতে, হিন্দু মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমার গানে এমন সংগীতের ব্যবহার মানানসই নয়। তবে এসব সমালোচনার জবাব দিয়েছেন সংগীতশিল্পী আরমান মালিক। তাঁর মতে, সংগীতের ব্যাখ্যা শ্রোতাভেদে ভিন্ন হতে পারে।

নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরমান মালিক বলেন, গানটির পেছনে কাজ করা পুরো সংগীত দলের লক্ষ্য ছিল পর্দায় রণবীর কাপুর ও সাই পল্লবীর মাধ্যমে ফুটে ওঠা পবিত্র ভালোবাসা ও আধ্যাত্মিক আবহ সংগীতেও তুলে ধরা।

তিনি বলেন,

সংগীতের অভিজ্ঞতা যেন পর্দায় দেখানো পবিত্র ভালোবাসা ও ঐশ্বরিক আবহের প্রতিফলন ঘটায়, সেটিই ছিল পুরো সংগীত দলের একমাত্র লক্ষ্য। একজন শ্রোতা সংগীতকে কীভাবে ব্যাখ্যা করবেন, তা সব সময়ই ব্যক্তিগত বিষয়। এটাই শিল্পের স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে একজন শিল্পী হিসেবে আমার মনোযোগ ছিল সেই মুহূর্তের গভীর ভক্তি ও আবেগকে যথাযথ সম্মানের সঙ্গে সংগীতে তুলে ধরা।

‘মঙ্গল রং’ গানের নেপথ্য কথা ও বিভিন্ন সংস্করণ

‘মঙ্গল রং’ গানটিতে রাম ও সীতার বিয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। গানটির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অন্যদিকে, ‘মঙ্গলা সঙ্গমা’ শিরোনামে কন্নড় সংস্করণে আরমান মালিকের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলা শেন্ডে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। রণবীর কাপুরের পর্দার জন্য গান গাওয়ার ইচ্ছা অনেক দিনের। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে রণবীর ও শাহরুখ খানের মতো অভিনেতাদের জন্য গান গাওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন আরমান। ‘মঙ্গলা সঙ্গমা’র মাধ্যমে সেই স্বপ্নের একটি পূরণ হয়েছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে আরমান বলেন, এটি তাঁর ব্যক্তিগত জীবনের বড় একটি অর্জন। তাঁর প্রজন্মের অনেকের মতো তিনিও ছোটবেলা থেকে পর্দায় কয়েকজন তারকাকে ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে দেখে বড় হয়েছেন। তাঁদের মধ্যে রণবীর কাপুর অন্যতম। তাই তাঁর অভিনীত সিনেমার জন্য গান গাওয়ার অভিজ্ঞতা বিশেষ হয়ে থাকবে।

আসছে ‘রামায়ণ’

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটি প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা। এতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন যশ। লক্ষ্মণ চরিত্রে রবি দুবে ও হনুমান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান ও অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার।

বিশ্বব্যাপী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ১০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘রামায়ণ’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here