Home সর্বশেষ স্থায়ী কনসার্ট ভেন্যু ও আয়োজকদের নিবন্ধন চান হামিন আহমেদ

স্থায়ী কনসার্ট ভেন্যু ও আয়োজকদের নিবন্ধন চান হামিন আহমেদ

স্থায়ী কনসার্ট ভেন্যু ও আয়োজকদের নিবন্ধন চান হামিন আহমেদ
স্থায়ী কনসার্ট ভেন্যু ও আয়োজকদের নিবন্ধন চান হামিন আহমেদ

দেশে বড় কনসার্ট আয়োজনের জন্য স্থায়ী ভেন্যু প্রতিষ্ঠা এবং আয়োজক প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন ব্যান্ড তারকা ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদ। তাঁর মতে, কনসার্টের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় অবকাঠামো ও নিরাপত্তাব্যবস্থা গড়ে না ওঠায় সংগীতাঙ্গনে অনিশ্চয়তা বাড়ছে।

সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে হামিন আহমেদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে দুটি স্থায়ী কনসার্ট ভেন্যু প্রতিষ্ঠা করা জরুরি। স্টেডিয়ামের আদলে নির্মিত এসব ভেন্যুতে দর্শকদের প্রবেশ ও বের হওয়ার পর্যাপ্ত পথ, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এতে নিয়মিত কনসার্ট আয়োজনের পাশাপাশি অস্থায়ী মাঠ বা অন্যান্য স্থানের অনুমতির ওপর নির্ভরশীলতাও কমবে।

ভেন্যু পরিচালনায় বামবা দায়িত্ব নিতে পারে বলেও জানিয়েছেন তিনি। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত জায়গা বরাদ্দ দিলে সংগঠনটি সেটি পরিচালনা করতে আগ্রহী। তাঁর প্রস্তাব অনুযায়ী, ভেন্যুটি দেশের সব ব্যান্ড ও একক সংগীতশিল্পীর ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা উচিত।

কনসার্টের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আয়োজকদের সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন এই সংগীতশিল্পী। পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরও কাজে লাগানোর প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি, বড় কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, জনবল ও ব্যবস্থাপনার সক্ষমতা যাচাই করে নিবন্ধনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি।

হামিন আহমেদের মতে, দর্শকের ব্যাপক উপস্থিতিকে বিশৃঙ্খলা হিসেবে না দেখে সংগীতের প্রতি মানুষের আগ্রহ হিসেবে বিবেচনা করা উচিত। সেই চাহিদা পূরণে পরিকল্পিত আয়োজন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেশে সংগীত পরিবেশনের জন্য স্থায়ী উপযোগী ভেন্যু না থাকাকে দুঃখজনক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here