বাংলাদেশের জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আন্তর্জাতিক স্মরণানুষ্ঠান আয়োজিত হবে। মঙ্গলবার জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টস এ তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষাবিদ ড. শেখ মিজানের নেতৃত্বে অনুষ্ঠানটি উপলক্ষে একটি কেন্দ্রীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জুলাই বিপ্লবের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জানান, নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় দিনব্যাপী অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আন্তর্জাতিক নীতিনির্ধারণী গবেষণা সংস্থার (থিংক ট্যাঙ্ক) অধিবেশন এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহীদ পরিবার ও মানবাধিকারকর্মীদের সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, এ আয়োজনের মাধ্যমে জুলাই বিপ্লবের ইতিহাস ও এর তাৎপর্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে।
অনুষ্ঠান সফল করতে প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং মানবাধিকারকর্মীদের সহযোগিতা কামনা করেন আয়োজকদের অন্যতম মোহাম্মদ আজিজুর রহমান ও ড. শেখ মিজান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উই আর দ্য পিপলস-এর প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) ড. নিজাম উদ্দিন, নিউরোলজি ও সাইকিয়াট্রি বিশেষজ্ঞ ডা. জুনুন চৌধুরী, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ড. শামীম আহমেদ, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের (এনওয়াইইউ) ড. কাওসার আহমেদ, গোলাপী বেগম, রুকসানা, বাংলাদেশ ফোরামের এমদাদ চৌধুরী দীপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন, রকস্টার ব্যান্ডের ভোকাল বিপ্লব, শাহ ইসলাম, এমডি আশিক, এমডি আরমান, এমডি শফিক, এমডি রেজাউল করিম এবং দীপন গাজীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।




