বাগ্দানের মাত্র চার মাসের মাথায় বিচ্ছেদের গুঞ্জনে ঘিরে ধরেছে ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক মন খারাপের পোস্ট দেখেই ছড়িয়ে পড়ে এই আলোচনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।
গত ৩১ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দেন জিয়া। সেখানে তিনি লেখেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক অনুমান অনেক দূর এগিয়ে গেছে। সম্পর্ক নিয়ে অনুমান না করতে ও গুজব না ছড়াতে অনুরোধ করেন তিনি।
তবে বাগ্দত্তা কারান ধানাকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি জিয়া। শুধু জানিয়েছেন, কিছু বিষয় একান্তই ব্যক্তিগত, সবাই যেন সেটা সম্মান করে।
কেন বিচ্ছেদের গুঞ্জন
সম্প্রতি ইনস্টাগ্রামে হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক কষ্ট নিয়ে নানা পোস্ট ও রিল শেয়ার করছিলেন জিয়া। সেগুলো দেখেই ভক্তদের একাংশ ধারণা করেন, কারানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে।
জিয়ার শেয়ার করা একটি পোস্টে লেখা ছিল, দুটি বিষয়ে তিনি নিশ্চিত, প্রার্থনা কাজে আসে এবং সময় হলে সবকিছুর হিসাব হয়। আরেকটি পোস্টে ছিল, কিছু রাতে তিনি সেরে উঠতে চান না, বরং চান মহাবিশ্ব স্বীকার করুক তাঁর সঙ্গে যা ঘটেছে তা নিষ্ঠুর ছিল।

এসব পোস্ট ছড়িয়ে পড়ার পর বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও জিয়ার বিবৃতির পরও ধোঁয়াশা কাটেনি, সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।
চলতি বছরের ৫ আগস্ট কারান ধানাকের সঙ্গে বাগ্দানের খবর জানান জিয়া। সূর্যাস্তের সময় হাঁটু গেড়ে বসে কারানের বিয়ের প্রস্তাবের ছবি প্রকাশ করেছিলেন তিনি। ছবিতে দেখা গিয়েছিল তাঁর হীরার আংটিও।
ছবির সঙ্গে জিয়া লিখেছিলেন, কারান তাঁর পাগলাটে মানুষ ও সবচেয়ে ভালো বন্ধু। তাঁর সঙ্গে জীবন সত্যিকারের রোমান্টিক কমেডির মতোই সুন্দর। সারা জীবন তাঁর সঙ্গে কাটানোর অপেক্ষায় আছেন তিনি।

বাগ্দানের আগে সম্পর্কটা অনেকটাই আড়ালে রেখেছিলেন দুজনে। বাগ্দানের ছবির মাধ্যমেই ভক্তদের সঙ্গে কারানকে প্রথম পরিচয় করিয়ে দেন জিয়া। কারান ধানাক, যিনি কেডি নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রভিত্তিক একজন উদ্যোক্তা।
টেলিভিশন, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন জিয়া শঙ্কর। ‘মেরি হানিকারক বিবি’, ‘কাতেলাল অ্যান্ড সন্স’ ও ‘পিশাচিনী’ তাঁর উল্লেখযোগ্য টেলিভিশন কাজ। রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের মারাঠি ছবি ‘ভেদ’-এও দেখা গেছে তাঁকে। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান ২০২৩ সালের ‘বিগ বস ওটিটি ২’-এ অংশ নিয়ে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









