বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন তিনি। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর তৃতীয় পর্বে এসে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এই অভিনেত্রী।
অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর সরাসরি জানতে চান, তিনি কি আনুষ্ঠানিকভাবে শিখরের সঙ্গে সম্পর্কে আছেন। এক মুহূর্ত দেরি না করে জাহ্নবীর জবাব, ‘হ্যাঁ, আছি।’ আগের পর্বগুলোতে নানা ইঙ্গিত দিলেও এই প্রথম এতটা স্পষ্ট করে স্বীকার করলেন তিনি। এই পর্বে তাঁর সঙ্গে অতিথি ছিলেন বরুণ ধাওয়ান, পরে যোগ দেন ভাই অর্জুন কাপুরও।
তারকারা কেন সম্পর্ক লুকিয়ে রাখেন, এমন প্রশ্নে জাহ্নবী বলেন, ব্যক্তিগত জীবনের সবকিছু গোপন রাখার ধারণাটাই এখন তাঁর কাছে অযৌক্তিক মনে হয়। তাঁর ভাষায়, বিষয়টি নিয়ে লুকোচুরি করাটা বেশ বিরক্তিকর। তবে নজর লাগার ভয়ও আছে তাঁর, তাই ব্যক্তিগত জীবনের প্রতিটি খুঁটিনাটি প্রকাশ করতেও চান না তিনি।

কোনো এক অনুষ্ঠানে শিখর পাহাড়িয়ার সঙ্গে জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত
শিখর ছোঁয়ার স্বপ্নে জাহ্নবী
করণ জানতে চান, শিখরই কি তাঁর জীবনের শেষ ঠিকানা। কোনো দ্বিধা ছাড়াই ‘হ্যাঁ’ বলেন জাহ্নবী। তাঁর এই আস্থার পেছনে রয়েছে বহু বছরের পুরনো এক গল্প। সেই গল্পে প্রেমের শুরুটা ছিল না, ছিল শুধু কঠিন সময়ে পাশে দাঁড়ানোর নীরব প্রতিশ্রুতি।
মা শ্রীদেবীর মৃত্যুর সময় শিখর পড়াশোনা করতেন লন্ডনে। খবর পেয়ে তিনি সেমিস্টারের অর্ধেক ছুটি নিয়ে মুম্বাই চলে আসেন। তখন দুজনের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল না। জুহুতে এক বন্ধুর বাড়িতে থেকে প্রায় এক মাস তিনি জাহ্নবীর কাছাকাছি ছিলেন, যাতে দরকার পড়লেই তাঁর পাশে দাঁড়াতে পারেন।
জাহ্নবী জানান, এই ঘটনা তিনি অনেক পরে জেনেছিলেন। ভালো সময়ে হোক বা কঠিন সময়ে, শিখরের এই ধারাবাহিকভাবে পাশে থাকাটাই তাঁর মনে গভীর আস্থা তৈরি করেছে। সেই কারণেই সম্পর্ক নিয়ে তাঁর মনে এখন আর কোনো সংশয় নেই।
অনুষ্ঠানের র্যাপিড ফায়ার পর্বে আলোচনায় আসেন শিখরের ভাই বীর পাহাড়িয়াও। বীরকে ডেটিং নিয়ে কী পরামর্শ দেবেন, জানতে চাইলে জাহ্নবী হেসে বলেন, ‘ওকে কখনো কনসার্টে নিয়ে যেয়ো না।’ নেটিজেনদের অনেকের মতে, এই মন্তব্যে বীর ও তারা সুতারিয়ার পুরনো কনসার্ট বিতর্কের দিকেই ইঙ্গিত রয়েছে।
তবে সম্পর্ক স্বীকার করলেও বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই জাহ্নবীর। করণের প্রশ্নে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী দুই-তিন বছরে বিয়ের কোনো পরিকল্পনা নেই। চারপাশে একের পর এক সম্পর্ক ভাঙার খবরের মধ্যেও তাঁরা দুজন বেশ ভালো অবস্থানে আছেন বলে জানান এই অভিনেত্রী।

জাহ্নবী ও শিখরের পরিচয় স্কুলজীবন থেকে। অভিনয়ে আসার আগেই দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। মাঝে কিছুদিন দূরত্ব তৈরি হলেও কয়েক বছর আগে ফের কাছাকাছি আসেন তাঁরা। এরপর থেকে পারিবারিক নানা অনুষ্ঠানসহ বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে।

কাজের দিক দিয়েও ব্যস্ত সময় যাচ্ছে জাহ্নবীর। চলতি বছর রাম চরণের সঙ্গে তাঁর তেলুগু ছবি ‘পেদ্দি’ মুক্তি পেয়েছে। সামনে রয়েছে রাজ মেহতার ‘লাগ যা গালে’, তামিল ছবি ‘জ্যাকি’ আর অ্যাটলির ‘রাকা’। পাশাপাশি একটি নামহীন রোমান্টিক থ্রিলারের শুটিং নিয়েও ব্যস্ত আছেন তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









