Home Uncategorized সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ
সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু হয়েছে, আর যাবতীয় খরচ বহন করবে সংগঠনটি। বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ সমু চৌধুরীর মাসহ তাঁর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’

একসময় টেলিভিশন নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন সমু চৌধুরী। তবে কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন তিনি, অভিনয় থেকে দূরে রয়েছেন দীর্ঘদিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে অসংলগ্ন অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। এসব ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা।

এর আগে সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, অর্থের অভাবে ছেলের প্রয়োজনীয় চিকিৎসা করানো তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। ভাড়া আর ছোট ছেলের আয় দিয়ে কোনোমতে চলে সংসার, পরিস্থিতি এমন যে নিজের ওষুধও কয়েক মাস ধরে বন্ধ রেখেছেন তিনি। সুস্থ ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন দশেক আগে পরিবারের পক্ষ থেকেই শিল্পী সংঘের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিন বছর আগেও পাশে দাঁড়িয়েছিল সংঘ

সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাঁকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংঘের সদস্যরা। সেবারও চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে পরিবারের সম্মতি না পাওয়ায় সেই প্রক্রিয়া আর এগোয়নি। এবার সম্মতি মেলায় সেই অপেক্ষার অবসান ঘটল।

চলতি মাসের শুরুতেই আবার খবরে এসেছিলেন এই অভিনেতা। ১৩ অক্টোবর যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি, মাথায় চারটি সেলাই পড়ে। একের পর এক এমন ঘটনার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বলছেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার বদলে এখন সবার নজর থাকা উচিত তাঁর সুস্থতার দিকে। সহকর্মীদের প্রত্যাশা, সংঘের তত্ত্বাবধানে ঠিকমতো চিকিৎসা পেলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন একসময়ের পরিচিত এই অভিনেতা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here