ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে দাপট দেখিয়েছে ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার জিতেছে আদিত্য ধর পরিচালিত সিনেমাটি। গত শনিবার আইফার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।
ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হয়েছেন সঞ্জয় দত্ত, আর নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে অক্ষয় খান্নার হাতে।
পরিচালনার পাশাপাশি মৌলিক গল্প, চিত্রনাট্য ও সংলাপের জন্যও পুরস্কার পেয়েছেন আদিত্য ধর। সেরা সংগীত পরিচালক শাশ্বত সচদেব, চিত্রগ্রহণে বিকাশ নওলাখা, সম্পাদনায় শিবকুমার ভি পানিকার এবং শব্দ পরিকল্পনায় বিশ্বদীপ চট্টোপাধ্যায় পেয়েছেন স্বীকৃতি।

মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনীত পাড্ডা। ছবির আরেক অভিনয়শিল্পী আহান পান্ডে হয়েছেন সেরা নবাগত অভিনেতা।
গানের বিভাগেও এগিয়ে ‘সাইয়ারা’। সেরা গীতিকার ইরশাদ কামিল, সেরা পুরুষ প্লেব্যাক গায়ক ফাহিম আবদুল্লাহ এবং নারী প্লেব্যাকে সেরা শ্রেয়া ঘোষাল।
‘আজাদ’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী রাশা থাদানি, ‘জলি এলএলবি ৩’-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন হুমা কুরেশি। কারিগরি বিভাগে ‘ছাওয়া’ পেয়েছে একাধিক পুরস্কার, আবহসংগীতে সেরা এ আর রাহমান। আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’।
ডিজিটালে আরিয়ান খানের চমক

ডিজিটাল বিভাগে আলোচনায় ছিল আরিয়ান খানের পরিচালনায় অভিষেক সিরিজ ‘দ্য ব্যা***স অব বলিউড’। সেরা সিরিজসহ মোট চারটি পুরস্কার জিতেছে এটি, সেরা পরিচালক হয়েছেন আরিয়ান নিজেই। পার্শ্বচরিত্রে সেরা হয়েছেন রাঘব জুয়াল ও অনন্যা সিং, মিলেছে সেরা টাইটেল ট্র্যাকের পুরস্কারও।
ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এর জন্য সেরা অভিনেতা জয়দীপ আহলাওয়াত ও সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম, সিরিজটি পেয়েছে সেরা মৌলিক গল্পের পুরস্কারও। তথ্যচিত্রে সেরা ‘দ্য রোশানস’, রিয়েলিটি শোতে সেরা ‘দ্য ট্রেইটরস’।
ডিজিটাল চলচ্চিত্র বিভাগে সেরা ছবি ‘বারামুল্লা’, ছবিটি পেয়েছে সেরা মৌলিক গল্পের স্বীকৃতিও। ‘স্টোলেন’-এর জন্য সেরা পরিচালক করণ তেজপাল ও সেরা অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ‘মিসেস’ ছবির জন্য সেরা অভিনেত্রী সানিয়া মালহোত্রা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









