শরিফুল রাজ ও নাজিফা তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’ মুক্তির ১০ বছর পর আসছে ওটিটিতে। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি সোমবার রাত ১২টায় মুক্তি পাবে চরকিতে।
রাজ ও তুষি দুজনেরই অভিনয়জীবনের শুরু এই সিনেমার মাধ্যমে। তাই ‘আইসক্রিম’ তাঁদের ক্যারিয়ারে বিশেষ জায়গা দখল করে আছে। প্রেক্ষাগৃহে মুক্তির সময় সিনেমাটি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজ। নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। সিনেমাটির নির্মাতার কাছে আমি কৃতজ্ঞ।’

দশ বছর পর সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে শরিফুল রাজ বলেন, ‘১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু “আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি, যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে।’
ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিও এখনো তাঁর কাছে জীবন্ত। রিহার্সাল, ক্যামেরার পেছনের নার্ভাসনেস, নির্মাতা রেদওয়ান রনির নির্দেশনা আর শুটিংয়ের মুহূর্তগুলো মনে রেখেছেন তিনি। চরকিতে সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে দর্শকেরা তাঁর অভিনয়জীবনের শুরুর দিনগুলো দেখার সুযোগ পাবেন বলে মনে করেন রাজ।

অন্যদিকে, ‘আইসক্রিম’ নিয়ে নাজিফা তুষির স্মৃতিও কম নয়। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই তখন সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন তিনি। চলচ্চিত্রের বড় পরিসর কিংবা ইন্ডাস্ট্রির কাজের ধরন সম্পর্কে তখন তাঁর খুব বেশি ধারণা ছিল না। তবে সিনেমাটির গল্প ও নির্মাতা রেদওয়ান রনির প্রতি আস্থা ছিল তাঁর।
তুষি বলেন, ‘সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই, না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই।’

সিনেমাটিতে কাজ করার পর অভিনয় ও চলচ্চিত্র সম্পর্কে অনেক কিছু শিখেছেন বলেও জানান তুষি। এক দশক পেরিয়ে যাওয়ায় তাঁর কাছেও বিষয়টি অবাক করা অনুভূতি।
সিনেমাটির নামকরণের পেছনে রয়েছে সম্পর্কের একটি রূপক। গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নামটি কেন ‘আইসক্রিম’, সে প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সিনেমাটিতে আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি। আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়।’
সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান। রাজ ও তুষি ছাড়াও এতে অভিনয় করেছেন উদয়, এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।
প্রেক্ষাগৃহে মুক্তির এক দশক পর চরকিতে ‘আইসক্রিম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। একই সঙ্গে রাজ ও তুষির অভিনয়জীবনের শুরুর দিকের কাজটিও নতুন করে দেখার সুযোগ তৈরি হচ্ছে।






