ড্রাগন, যুদ্ধ আর সিংহাসনের লড়াই, এবার আর শুধু টেলিভিশনের পর্দায় নয়। ‘গেম অব থ্রোনস’ এর বিশাল জগৎ এবার পা রাখছে প্রেক্ষাগৃহে। টারগারিয়েন রাজবংশের উত্থান ও ওয়েস্টেরস জয়ের কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
সিনেমাটির নাম ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’। ওয়ার্নার ব্রাদার্সের ঘোষণা অনুযায়ী, ২০২৯ সালের জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে ১ জুন ২০২৯ মুক্তির কথা জানানো হয়েছে। তবে ভ্যারাইটির প্রতিবেদনে ৬ জুন ২০২৯ তারিখ উল্লেখ করা হয়েছে। ফলে অঞ্চলভেদে মুক্তির তারিখে পরিবর্তন থাকতে পারে।
সিনেমাটি পরিচালনা করবেন ওয়েন হ্যারিস। ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ এর প্রথম মৌসুমের তিনটি পর্ব পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে ‘ব্ল্যাক মিরর’, ‘দ্য টোয়াইলাইট জোন’ এবং ‘ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ এর মতো কাজেও যুক্ত ছিলেন তিনি। চিত্রনাট্য লিখছেন বিউ উইলিমন। ‘হাউস অব কার্ডস’ এর নির্মাতা হিসেবে পরিচিত উইলিমন ‘অ্যান্ডর’ সিরিজেরও লেখক হিসেবে কাজ করেছেন। ‘দ্য আইডস অব মার্চ’ ও ‘মেরি কুইন অব স্কটস’ এর মতো চলচ্চিত্রের সঙ্গেও তাঁর কাজের সম্পর্ক রয়েছে।
তবে সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ এর গল্পে। ‘গেম অব থ্রোনস’ সিরিজের প্রায় ৩০০ বছর আগের সময়ে ফিরে যাবে এই সিনেমা। গল্পের কেন্দ্রে থাকবেন এগন প্রথম টারগারিয়েন, যিনি ‘এগন দ্য কনকারর’ নামে পরিচিত। তিনিই টারগারিয়েন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং ওয়েস্টেরসের বিভিন্ন রাজ্যকে এক শাসনের অধীনে আনার প্রধান চরিত্র।

এগনের এই অভিযান ছিল শুধু যুদ্ধের গল্প নয়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর দুই বোন এবং স্ত্রী ভিসেনিয়া ও রেইনিস। তাঁদের সঙ্গে ছিল তিনটি শক্তিশালী ড্রাগন ব্যালেরিয়ন, ভ্যাগার ও মেরাক্সিস। ড্রাগনের শক্তিকে কাজে লাগিয়ে এগন ওয়েস্টেরসের অধিকাংশ রাজ্য জয় করেন এবং টারগারিয়েন শাসনের ভিত্তি তৈরি করেন।
এই জয়ের পরই তৈরি হয় সেই বিখ্যাত লোহার সিংহাসন, যাকে ঘিরে পরবর্তী শতাব্দীগুলোতে ওয়েস্টেরসে ক্ষমতার অসংখ্য সংঘাত তৈরি হয়। অর্থাৎ, দর্শক এবার সেই সিংহাসনের গল্প দেখতে পাবেন যে সিংহাসনকে ঘিরেই পরে ‘গেম অব থ্রোনস’ এর মূল কাহিনি আবর্তিত হয়েছে। গল্পটির মূল উপাদান নেওয়া হয়েছে জর্জ আর আর মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ থেকে। বইটিতে টারগারিয়েন রাজবংশের ইতিহাস এবং এগনের ওয়েস্টেরস জয়ের বিস্তারিত বিবরণ রয়েছে।
তবে সিনেমায় কারা অভিনয় করবেন, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। এগন, ভিসেনিয়া কিংবা রেইনিসের চরিত্রে কারা থাকছেন, এখন পর্যন্ত কোনো অভিনেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমনকি প্রধান চরিত্র এগনকে কে পর্দায় তুলে ধরবেন, সেটিও অজানা।
এটি ‘গেম অব থ্রোনস’ এর কোনো পরবর্তী গল্প নয়। বরং সময়ের হিসাবে এটি পুরো ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে পুরোনো সময়ের কাহিনি হতে যাচ্ছে। মূল সিরিজ শেষ হয়েছে ২০১৯ সালে, আট মৌসুমের যাত্রার পর। এরপর ‘হাউস অব দ্য ড্রাগন’ এ টারগারিয়েন পরিবারের আরেক অধ্যায় সামনে এসেছে। পাশাপাশি ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ এর মাধ্যমেও সেই জগতের নতুন গল্প বলা হচ্ছে।
এর মধ্যেই ‘এগন’স কনকোয়েস্ট’ নিয়ে সিনেমার পর্দায় শুরু হচ্ছে নতুন অধ্যায়। একসময় যে গল্পে প্রশ্ন ছিল লোহার সিংহাসনে শেষ পর্যন্ত কে বসবে? এবার সেই গল্পের আরও পেছনে গিয়ে দেখানো হবে সেই সিংহাসন তৈরি হলো কীভাবে, আর কে প্রথম ওয়েস্টেরসকে এক পতাকার নিচে আনলেন।
তবে সিনেমাটি মুক্তি পেতে এখনো কয়েক বছর বাকি। এর আগে কাস্ট, শুটিং শুরুর সময়, প্রথম ঝলক কিংবা ট্রেলার এসব নিয়ে আরও ঘোষণা আসার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।









