কলম্বিয়ান পপতারকা শাকিরার গান, নাচ আর মঞ্চ মাতানো পারফরম্যান্সে মুগ্ধ বিশ্বজুড়ে কোটি ভক্ত। প্রিয় এই তারকার কনসার্ট সরাসরি দেখার সুযোগ সবার হয় না। এবার সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচতে যাচ্ছে। প্রথম বারের মতো নিজের একটি লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন শাকিরা। ফলে ঘরে বসেই তাঁর মঞ্চ মাতানো পারফরম্যান্স উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।
শাকিরার চলমান ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বটি সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। বিশেষ এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস’ শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ।
আগামী ৩ অক্টোবর মাদ্রিদে অনুষ্ঠিত হবে কনসার্টটি। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হবে শাকিরার এই বিশেষ পরিবেশনা। বাংলাদেশ সময় অনুযায়ী, দর্শকরা এটি দেখতে পারবেন ৪ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে।
কনসার্টটি দেখা যাবে অ্যামাজন মিউজিক, প্রাইম ভিডিও, ফায়ার টিভির অ্যামাজন মিউজিক অ্যাপ এবং টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে। কনসার্টটি দেখতে দর্শকদের কোনো অতিরিক্ত সাবস্ক্রিপশন বা আলাদা ফি দিতে হবে না।
লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’ শাকিরার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আন্তর্জাতিক সফর। এই সফরে নিজের জনপ্রিয় গান, নাচ এবং দৃষ্টিনন্দন মঞ্চ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতাচ্ছেন লাতিন সংগীতের এই তারকা।
মাদ্রিদের কনসার্টটিও সফরের অন্যতম আয়োজন। তবে এবার কনসার্ট হলের দর্শকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের শাকিরাভক্তরাও একই সময়ে তাঁর পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন।
অ্যামাজনের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করছেন শাকিরা। ফলে মাদ্রিদে উপস্থিত থাকতে না পারলেও ঘরে বসেই প্রিয় তারকার কনসার্ট উপভোগ করতে পারবেন ভক্তরা।









