Friday, October 2, 2026

কফি উইথ করণ – এক কাপ কফি ,এক সোফা আর ২২ বছরের গল্প

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

এক কাপ কফি, সামনে বলিউডের তারকা আর এমন কিছু প্রশ্ন যার উত্তর অনেক সময় পরদিনই হয়ে উঠত বড় খবর। প্রেম, বিয়ে, বন্ধুত্ব, বিচ্ছেদ, পছন্দ-অপছন্দ কিংবা সহকর্মীকে নিয়ে মন্তব্য, দুই দশকের বেশি সময় ধরে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা গল্প সামনে এনেছে ‘কফি উইথ করণ’।

এবার সেই দীর্ঘ যাত্রায় পড়তে যাচ্ছে পর্দা। ২২ বছর পর জনপ্রিয় এই সেলিব্রিটি চ্যাট শো শেষ করার ঘোষণা দিয়েছেন এর সঞ্চালক ও নির্মাতা করণ জোহর। নবম মৌসুমই হবে অনুষ্ঠানটির শেষ মৌসুম। আগামী ১৪ অক্টোবর থেকে জিওহটস্টার এ সিজন শুরু হবে এই শেষ অধ্যায়।

শুরুটা শাহরুখ-কাজলকে দিয়ে

‘কফি উইথ করণ’ এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। প্রথম পর্ব প্রচারিত হয় ১৯ নভেম্বর ২০০৪, ভারতের স্টার ওয়ার্ল্ড এ। প্রথম অতিথি হিসেবে করণের সামনে বসেছিলেন শাহরুখ খান ও কাজল। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। শুরুতে এটি ছিল তারকাদের সঙ্গে একটু অন্য ধরনের আড্ডার অনুষ্ঠান। সিনেমার প্রচারণামূলক প্রশ্নের বাইরে গিয়ে করণ তাঁদের ব্যক্তিগত পছন্দ, সম্পর্ক, বন্ধুত্ব ও বলিউডের অন্দরমহল নিয়ে নানা প্রশ্ন করতেন।

কফি উইথ করণ

অনুষ্ঠানের পরিচালক করণ জোহরের নিজেই। তবে শুরুতে এটি কতটা জনপ্রিয় হবে, তা নিয়ে সংশয় ছিল। করণের বাবা ও প্রযোজক যশ জোহরও জানতে চেয়েছিলেন, মানুষ কেন করণকে তাঁর পরিচিত তারকাদের সঙ্গে আড্ডা দিতে দেখতে চাইবে। শেষ পর্যন্ত দর্শকের আগ্রহই সেই প্রশ্নের উত্তর দেয়। প্রথম মৌসুমেই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, সঞ্জয় লীলা বানসালিসহ বড় তারকারা অনুষ্ঠানে হাজির হন।

যে কারণে আলাদা হয়ে উঠেছিল

‘কফি উইথ করণ’ খুব দ্রুত সাধারণ সেলিব্রিটি সাক্ষাৎকার অনুষ্ঠান থেকে আলাদা পরিচিতি পায়। এর অন্যতম কারণ ছিল করণের প্রশ্ন করার ধরন। তারকাদের এমন কিছু প্রশ্ন করা হতো, যেগুলো সাধারণ সাক্ষাৎকারে এড়িয়ে যাওয়া হয়। এর সঙ্গে ছিল র‍্যাপিড ফাইয়ার রাউন্ড, কফি কুইজ সহ বিভিন্ন মজার পর্ব।

বিশেষ করে র‍্যাপিড ফাইয়ার ধীরে ধীরে অনুষ্ঠানটির পরিচিতির অংশ হয়ে ওঠে। দ্রুত প্রশ্নের জবাবে তারকারা অনেক সময় এমন মন্তব্য করতেন, যা পরদিন সংবাদমাধ্যমের শিরোনাম হতো। ফলে একটি টেলিভিশন অনুষ্ঠানের একটি ছোট অংশও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন আলোচনার জন্ম দিত।

২২ বছরে কারা এসেছেন?

দুই দশকের বেশি সময়ে ‘কফি উইথ করণ’এর বিখ্যাত সোফায় বসেছেন বলিউডের প্রায় সব প্রজন্মের পরিচিত তারকারা। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, কাজল, কারিনা কাপুর, রানি মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, রণবীর সিং ও আলিয়া ভাট। দীর্ঘ এই তালিকায় রয়েছে আরও অনেক নাম।

২২ বছরে কারা এসেছেন

কারিনা কাপুর ও কাজল এই অনুষ্ঠানের নিয়মিত অতিথিদের মধ্যে ছিলেন। কখনো একসঙ্গে, আবার কখনো অন্য তারকার সঙ্গে জুটি বেঁধে তাঁরা করণের অনুষ্ঠানে এসেছেন। সময়ের সঙ্গে অতিথির তালিকায় শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, ক্রিকেটার ও বিনোদন জগতের বাইরের পরিচিত মুখও যুক্ত হয়েছে।

নতুন প্রজন্মের তারকাদেরও এই অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে। আলিয়া ভাট, রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর, সারা আলি খান, অনন্যা পান্ডে ও বিজয় দেবেরাকোন্ডার মতো তারকারা ‘কফি উইথ করণ’-এর আড্ডায় অংশ নিয়েছেন। ফলে অনুষ্ঠানটি শুধু পুরোনো তারকাদের নয়, বলিউডের নতুন প্রজন্মের গল্প ও ব্যক্তিত্ব তুলে ধরারও জায়গা হয়ে উঠেছে

আট মৌসুমে ১৬১ পর্ব

২০০৪ সালে শুরু হওয়ার পর প্রথম ছয়টি মৌসুম প্রচারিত হয় টেলিভিশনে। প্রথম মৌসুম আসে ২০০৪–২০০৫ সালে। এরপর দ্বিতীয় মৌসুম ২০০৭, তৃতীয় ২০১০–২০১১, চতুর্থ ২০১৩–২০১৪, পঞ্চম ২০১৬–২০১৭ এবং ষষ্ঠ মৌসুম ২০১৮–২০১৯ সালে প্রচারিত হয়।

ষষ্ঠ মৌসুম শেষ হওয়ার পর কয়েক বছরের বিরতি আসে। এরপর ২০২২ সালে নতুনভাবে ফিরে আসে অনুষ্ঠানটি। তবে এবার টেলিভিশনে নয়, স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

টেলিভিশন থেকে OTT

২০২২ সালের ৭ জুলাই ‘কফি উইথ করণ’ এর সপ্তম মৌসুম শুরু হয় ডিজনি+ হটস্টার এ। প্রথম পর্বে অতিথি ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। টেলিভিশন থেকে অটিটিতে যাওয়ার পর অনুষ্ঠানের ধরনেও কিছু পরিবর্তন দেখা যায়। পর্বগুলো তুলনামূলক দীর্ঘ হয় এবং অতিথিদের ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও ক্যারিয়ার নিয়ে আরও বিস্তৃতভাবে কথা বলার সুযোগ তৈরি হয়।

এরপর ২০২৩ সালের ২৬ অক্টোবর শুরু হয় অষ্টম মৌসুম। প্রথম পর্বে একসঙ্গে হাজির হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাঁদের সম্পর্ক, প্রেম ও বিয়ে নিয়ে কথোপকথনও ব্যাপক আলোচনার জন্ম দেয়। অষ্টম মৌসুম শেষ হয় ২০২৪ সালের জানুয়ারিতে। সব মিলিয়ে আট মৌসুমে অনুষ্ঠানের মোট পর্ব দাঁড়ায় ১৬১টি।

শুধু আড্ডা নয়, বিতর্কও

‘কফি উইথ করণ’এর দীর্ঘ ইতিহাসে বিনোদনের পাশাপাশি বিতর্কও কম হয়নি। ২০১৯ সালে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের একটি পর্ব নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নারীদের নিয়ে হার্দিকের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হলে ভারতীয় ক্রিকেট বোর্ড দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করে এবং অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরত পাঠায়। পরে তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বলিউডের স্বজনপ্রীতি নিয়েও এই অনুষ্ঠানে বড় আলোচনা হয়েছে। কঙ্গনা রনৌতের সঙ্গে করণের কথোপকথনে ‘নেপটিজম’ নিয়ে তাঁর মন্তব্য পরবর্তী সময়ে বলিউডের বড় বিতর্কের অংশ হয়ে ওঠে। তারকাদের সম্পর্ক, বন্ধুত্ব কিংবা একে অপরকে নিয়ে মন্তব্যও বহুবার অনুষ্ঠানটির বাইরে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় এসেছে।

এবার কেন শেষ হচ্ছে?

২২ বছর পর অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্তের কারণ হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন করণ জোহর। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘কফি উইথ করণ’ তাঁর বিনোদনজগতের পরিচয়ের বড় অংশ হয়ে উঠেছে। কিন্তু জীবনের পরবর্তী দশকে তিনি আরও বেশি সিনেমা পরিচালনা করতে এবং গল্প বলার কাজে মন দিতে চান।

কফি উইথ করণ

অর্থাৎ অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমে যাওয়া বা দর্শকের আগ্রহ হারানোকে কারণ হিসেবে সামনে আনেননি তিনি। বরং নিজের চলচ্চিত্র নির্মাণের কাজে আরও বেশি সময় দেওয়ার ইচ্ছাকেই শেষ মৌসুম ঘোষণার প্রধান কারণ হিসেবে জানিয়েছেন তিনি।

শেষ অধ্যায় কবে?

‘কফি উইথ করণ’এর নবম ও শেষ মৌসুম শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬, জিওহটস্টার এ। তবে শেষ মৌসুমের পূর্ণ অতিথি তালিকা এবং শেষ পর্বের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

২০০৪ সালে শাহরুখ খান ও কাজলকে দিয়ে শুরু হওয়া ‘কফি উইথ করণ’ ২২ বছরে দেখেছে বলিউডের বহু প্রজন্মের বদল, নতুন তারকার উত্থান ও নানা বিতর্ক। টেলিভিশন থেকে অটিটিতে বদলেছে অনুষ্ঠানটির যাত্রা, কিন্তু করণের প্রশ্ন আর সেই বিখ্যাত সোফা থেকে গেছে একই। আট মৌসুমে ১৬১ পর্বের পর এবার নবম মৌসুমে শেষ হচ্ছে জনপ্রিয় এই আড্ডা। ১৪ অক্টোবর থেকে শুরু হবে এর বিদায়ী অধ্যায়।

Share

Read more

Local News