বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম
ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা থেকে ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম প্রকাশ করলেন সংগীতশিল্পী আয়েশা মৌসুমী। ফুটবল বিশ্বকাপের আবহে তৈরি হওয়া ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম গানটি সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির মাধ্যমে ব্রাজিল ফুটবল দলের প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের প্রকাশ ঘটিয়েছেন তিনি।

প্রকাশের পর থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ দেখা গেছে। বিশ্বকাপের উন্মাদনাকে কেন্দ্র করে নির্মিত এই গানে ফুটে উঠেছে সেলেসাওদের প্রতি শিল্পীর আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসা। ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম এ ব্রাজিলের পাঁচবারের বিশ্বকাপ জয়ের ইতিহাস এবং ভবিষ্যৎ সাফল্যের স্বপ্নও তুলে ধরা হয়েছে।
ব্রাজিলের জন্য বিশেষ প্রত্যাশা
গানটি নিয়ে আয়েশা মৌসুমী বলেন, তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। একজন নিবেদিত ভক্ত হিসেবে দলটির জন্য সবসময় শুভকামনা করেন। তার ভাষ্য, সেই ভালোবাসার জায়গা থেকেই গানটি তৈরি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র এবং তাদের সতীর্থরা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবেন। পাশাপাশি ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সমর্থনে বদলে গেছে ব্যক্তিগত স্টাইল
শুধু গান প্রকাশেই থেমে থাকেননি এই শিল্পী। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজের ব্যক্তিগত স্টাইলেও পরিবর্তন এনেছেন। ব্রাজিলের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে চুলে ব্যবহার করেছেন হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণ। একই সঙ্গে তার পোশাকেও প্রাধান্য পাচ্ছে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ রঙ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ব্রাজিল দলের পক্ষে সমর্থন জানিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করছেন তিনি।
ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম- এর গীতিকার নাঈম প্রধান। গানটির সাউন্ড ডিজাইন, মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন মীর মাসুম। আর ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। আয়েশা মৌসুমীর বিশ্বাস, বিশ্বকাপের আবেগকে সংগীতের মাধ্যমে নতুনভাবে তুলে ধরা এই উদ্যোগ ব্রাজিল সমর্থকদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে। তার প্রত্যাশা, ফুটবলপ্রেমীরা গানটির মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনাকে আরও গভীরভাবে অনুভব করবেন।