Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ১, ২০২৬

ফিফার পোস্টে জায়গা পেল আসিফ ইকবালের গান

ফিফায় আসিফ ইকবালের গান
ফিফায় আসিফ ইকবালের গান

ফিফার পেজে আসিফ ইকবালের গান

চলছে ফিফা বিশ্বকাপের উন্মাদনা। বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও ফুটবলপ্রেমে এ দেশের মানুষের আবেগ বরাবরই নজর কাড়ে আন্তর্জাতিক অঙ্গনে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল কিংবা জার্মানির প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার কথা ফিফারও অজানা নয়। তাই বিভিন্ন সময় বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকে সংস্থাটি।

এবার ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে স্থান পেয়েছে একটি জনপ্রিয় বাংলা গানের লাইন ‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর দলে প্রত্যাবর্তনকে সামনে রেখে অনুপ্রেরণামূলক বার্তা হিসেবে ব্যবহার করা হয়েছে এই লাইন। মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেলে ফিফা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কাসেমিরোর একটি ছবি পোস্ট করে, যেখানে বাংলা ভাষাতেই লেখা ছিল গানের এই বহুল পরিচিত পঙ্‌ক্তি।

গানটির গীতিকার আসিফ ইকবাল। তাঁর লেখা এই লাইনটি মূলত ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার থিম সং হিসেবে রচিত হয়েছিল। সময়ের সঙ্গে এটি শুধু একটি গানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের নানা অনুপ্রেরণামূলক মুহূর্তে মানুষের কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে পড়ে। নকীব খানের সুরে গানটি গেয়েছেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক জনপ্রিয় শিল্পী।

আসিফ ইকবাল। ছবি: সংগৃহীত

ফিফার মতো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার পেজে নিজের গানের লাইন দেখে আবেগাপ্লুত হয়েছেন আসিফ ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, গানটি লেখার সময় তাঁর উদ্দেশ্য ছিল শিল্পীদের অনুপ্রেরণা দেওয়া। কিন্তু ধীরে ধীরে সেটি দেশের মানুষের অনুপ্রেরণার গানে পরিণত হয়।

তিনি লিখেছেন, প্রথমে ভেবেছিলেন হয়তো কেউ গানটি শুনবে, কেউ গুনগুন করবে কিংবা কোনো কঠিন সময়ে সাহস পাবে। কিন্তু সময়ের সঙ্গে সেই গানের লাইন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। পরে জাতীয় সংসদেও এই লাইন উদ্ধৃত হয়েছে। খেলাধুলা, সভা-সমাবেশ, সংকট কিংবা বিজয়ের মুহূর্ত, বিভিন্ন প্রেক্ষাপটে মানুষ গানটি গাইতে শুরু করে।

আসিফ আরও জানান, এই জনপ্রিয় লাইনটিকেই তিনি পরে নিজের বইয়ের নাম হিসেবে ব্যবহার করেন। ‘যদি লক্ষ্য থাকে অটুট’ শিরোনামের বইটি মানসিক দক্ষতা নিয়ে লেখা এবং ইতোমধ্যে একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। তাঁর ভাষায়, গানে যা লিখেছেন, জীবনেও তিনি সেই বিশ্বাস ধারণ করেন।

ফুটবলার কাসেমিরো। ছবি: সংগৃহীত

ফিফার পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, একই লাইন এবার বিশ্বকাপের অফিসিয়াল পেজে, প্রিয় ফুটবলার কাসেমিরোর ছবির সঙ্গে, তাও আবার বাংলায় কোনো অনুবাদ ছাড়াই। এটি তাঁর কাছে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

আসিফ ইকবালের মতে, একটি গানের লাইন কীভাবে মানুষের অনুপ্রেরণার প্রতীক হয়ে সংসদ থেকে বই এবং সেখান থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে পৌঁছে গেল, সেটি এক অসাধারণ যাত্রা। তিনি বিশ্বাস করেন, হৃদয় থেকে লেখা কোনো সৃষ্টির ভাষান্তরের প্রয়োজন হয় না; তার আবেদন নিজেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

সবশেষে তিনি লেখেন, এই অর্জন একার নয়। এটি বাংলাদেশের, বাংলা ভাষার এবং সেই সব মানুষের, যারা বছরের পর বছর গানটিকে নিজেদের অনুপ্রেরণার অংশ করে রেখেছেন। তাঁর ভাষায়, ছোট দেশের একজন মানুষের লেখা কথাও একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে জায়গা করে নিতে পারে, যদি লক্ষ্য থাকে অটুট।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজ কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

সৈয়দ আব্দুল হাদী আধুনিক বাংলা গানের অন্যতম অগ্রপথিক ও রূপালী পর্দার গানে বৈপ্লবিক পরিবর্তন যে কজন শিল্পী এনে…
সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

দীর্ঘ বিরতির পর ‘শিকার’ সিনেমায় ফিরল ন্যান্সি-ইমরান জুটি

ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘ…
দীর্ঘ বিরতির পর ‘শিকার’ সিনেমায় ফিরল ন্যান্সি-ইমরান জুটি

রায়হান রাফী-সাদের চমক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘আইস’

রাফী-সাদের যৌথ সিনেমার সাফল্য ঢালিউডের জনপ্রিয় বাণিজ্যিক নির্মাতা রায়হান রাফী এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত…
রায়হান রাফী-সাদের চমক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘আইস’
0
Share