পূর্ণদৈঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা
আদনান আল রাজীব দেশের অন্যতম জনপ্রিয় ও দক্ষ নির্মাতা। বিজ্ঞাপনচিত্র দিয়ে তার উত্থান ও পরে সাফল্য। তাঁর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বিজ্ঞাপন ও নাটক উপহার দিয়েছেন তিনি। গতবছর তার স্বল্পদৈর্ঘ্য আলি জিতেছে কানের স্পেশাল জুরি ম্যানসন পুরস্কার। এবারের যাত্রা দীর্ঘ। জীবনের প্রথম পূর্ণদৈঘ্য সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন আদনান আল রাজীব। শুক্রবার (১২ জুন) তিনি নিজেই এ খবরটি জানিয়েছেন এই নির্মাতা।
শুক্রবার বেলা ১১টায় আদনান সামাজিক মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে সিনেমা নির্মাণ করার কথা জানান। স্ট্যাটাসের শুরুতেই বিজ্ঞাপন নির্মাণের শুরুর সময়ের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব।’
এ নির্মাতা তাঁর স্বপ্নভরা নিজস্ব গল্পের নির্মাণ প্রসঙ্গে লিখেছেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’
তিনি লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি, কেটেছি; আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’
তবে অবশেষে তার কাঙ্ক্ষিত গল্পটি পূর্ণতা পেয়েছে বলেও জানিয়েছেন আদনান আল রাজীব। সবশেষ তিনি লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’
তবে সিনেমা নির্মাণের ঘোষণা দিলেও এখনো সিনেমার নাম, এর অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু করা হবে তা প্রকাশ করেন নি।তাঁর এই ঘোষণার পরেই তাঁর পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আদনানের সহকর্মী ও তাঁর কাজের সাথে যারা দীর্ঘদিন ধরে পরিচিত, তাদের বিশ্বাস আদনান খুব ভালো ও মনোগ্রাহী নির্মাণ দিয়েই দর্শকহৃদয় জয় করবেন।